প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো। গতকাল দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় তারা পারস্পরিক কুশল বিনিময় এবং বাংলাদেশ ও ইতালির মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। বৈঠকে উভয় দেশের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো সুদৃঢ় করার পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা ও সামরিক প্রশিক্ষণের আধুনিকায়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
এ ছাড়া সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে ইতালির সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের অংশগ্রহণ এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বৃদ্ধিসহ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সহায়তার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া, জাতিসঙ্ঘ শান্তিরক্ষী মিশনে উভয় দেশের উল্লেখযোগ্য অবদান এবং আগামীতে বিশ্বশান্তি ও বৈশ্বিক নিরাপত্তা রক্ষায় যৌথভাবে কাজ করার বিষয়ে তারা মতবিনিময় করেন। বিজ্ঞপ্তি।



