নিজস্ব প্রতিবেদক
সরকার একের পর এক হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করে দেশের ব্যাংকব্যবস্থা তথা আর্থিক খাতকে ঝুঁকির মধ্যে নিক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। দেশের বৃহত্তম ব্যাংক ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ওপর সরকারের অযাচিত হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে গত পরশু ব্যাংকটির এমডিকে পদত্যাগে বাধ্য করা এবং চেয়ারম্যানকে পদচ্যুত করার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন তিনি।
গতকাল এক বিবৃতিতে জামায়াত নেতা বলেন, ‘ইসলামী ব্যাংকে যাকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে, তিনি পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্টদের চিহ্নিত দোসর। তার মতো একজন ব্যক্তিকে নিয়োগ দেয়া খাল কেটে কুমির আনারই শামিল।’
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যাংকিং খাতের আড়াই লাখ কোটি টাকা লুটপাটকারীদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নিয়ে বরং তাদেরকে ধরাছোঁয়ার বাইরে রেখে লুণ্ঠনের পথ প্রশস্ত করার জন্যই ২৪-এর গণ-অভ্যুত্থানের পরে পদচ্যুত বাংলাদেশ ব্যাংকের একজন সাবেক ডেপুটি গভর্নরকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করা হয়েছে। এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার অপসারণ দাবি করেন তিনি। একই সাথে দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের ‘অযোগ্য ও দলদাস’ গভর্নরকে অপসারণ, লুণ্ঠনকৃত অর্থ ফেরত আনা এবং কোনো একজন যোগ্য ও সৎ লোককে চেয়ারম্যান করে ইসলামী ব্যাংকিংয়ে অভিজ্ঞতাসম্পন্নদের সমন্বয়ে ব্যাংকটির বোর্ড পুনর্গঠনের জোর দাবি জানান। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকেই বহন করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় শোক : টাঙ্গাইলের কালিহাতীতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং আরো ১০ জন গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন মিয়া গোলাম পরওয়ার। বিবৃতিতে তিনি নিহতদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন এবং চিকিৎসাধীন আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
জাতীয় কবির প্রতি শ্রদ্ধা : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা ও কবির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার রূহের মাগফিরাত কামনা করেছেন মিয়া গোলাম পরওয়ার। এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল জাতির জাগরণের অগ্রদূত এবং শোষিত-বঞ্চিত মানুষের কণ্ঠস্বর ছিলেন। তার কবিতা ও লেখনীতে জাতির মুক্তির দিশা ও ইসলামী জাগরণ ফুটে উঠেছে। কবির চেতনাকে ধারণ করে সাহিত্য-সংস্কৃতির বিকাশ ঘটাতে তার সাহিত্যকর্ম নিয়ে গবেষণা ও পৃষ্ঠপোষকতায় সরকারি-বেসরকারি উদ্যোগের আহ্বান জানান তিনি। একই সাথে অপসংস্কৃতির আগ্রাসন থেকে দেশীয় সংস্কৃতিকে বাঁচাতে নজরুল ইনস্টিটিউটের সংস্কার ও উন্নয়ন করে তরুণ প্রজন্মের মধ্যে কবির জীবন-কর্ম তুলে ধরার তাগিদ দেন।
সাংবাদিক রাশিদুল হাসানের আরোগ্য কামনা : গত রোববার দুপুরে কর্মস্থলে যাওয়ার পথে হাতিরঝিলের একটি স্পিড ব্রেকারে নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর দুর্ঘটনার শিকার ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’-এর জ্যেষ্ঠ প্রতিবেদক রাশিদুল হাসানের দ্রুত ও পূর্ণ আরোগ্য কামনা করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এক বিবৃতিতে তিনি বলেন, সাংবাদিক রাশিদুল হাসান বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার এই মর্মান্তিক দুর্ঘটনায় জামায়াত নেতৃবৃন্দ গভীরভাবে ব্যথিত ও মর্মাহত। তিনি চিকিৎসাধীন সাংবাদিকের পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।



