আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

Printed Edition
শিবগঞ্জে মাছের পোনা অবমুক্তকরণের পর সাংবাদিকদের সাথে কথা বলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম : নয়া দিগন্ত
শিবগঞ্জে মাছের পোনা অবমুক্তকরণের পর সাংবাদিকদের সাথে কথা বলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম : নয়া দিগন্ত

শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা

নিষিদ্ধ সংগঠন হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি আরো বলেছেন, যতক্ষণ পর্যন্ত দলটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনগুলোর নির্বাচনে অংশ নেয়া বা কোনো রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার নেই।

গতকাল শুক্রবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধঘোষিত সংগঠন। তাদের দলীয় কর্মকাণ্ড চালাতে দেয়া কিংবা নির্বাচনে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে আমরা বিব্রতবোধ করি। আইন অনুযায়ী তাদের কোনো সভা-সমাবেশ করা বা দলীয় কার্যালয় খোলার সুযোগ নেই। যদি তারা আইন অমান্য করে, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকারের অন্যতম প্রধান ম্যান্ডেট হলো পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা। এ ছাড়া এবার জাতীয় প্রতীক ব্যবহারের সুযোগ থাকছে না। নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষ এবং সাধারণ প্রতীকে।