শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নতুন বীজ সংলগ্ন গংগানগর গ্রামে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে জামাল মিয়া (৪৫) নামে এক চোরের মৃত্যু হয়েছে। সে বাহুবল উপজেলার মির্জাটুলা গ্রামের আ: মতিনের ছেলে। গত বুধবার গভীর রাতে গংগানগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জামাল মিয়া গভীর রাতে ট্রান্সফরমার চুরি করতে বিদ্যুতিক খুঁটির ওপরে ওঠে। একপর্যায়ে সে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যায় এবং তাৎক্ষণিক তার মৃত্যু হয়। তার ডান হাতের কিছু অংশ আগুনে পুড়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়।
গতকাল বৃহস্পতিবার ভোরে স্থানীয় লোকজন বিদ্যুতেক খুঁটির নিচে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। হবিগঞ্জ সদর থানার এসআই আলী আকবরসহ একদল পুলিশ এসে লাশ উদ্ধার করে।
মৃত জামাল মিয়ার বড় ভাই কামাল মিয়া ঘটনাস্থলে এসে তার পরিচয় নিশ্চিত করেন। এ সময় পুলিশকে সহযোগিতা করেন, স্থানীয় ইউপি মেম্বার ময়না মিয়া ও মির্জাটুলা গ্রামের সাবেক ইউপি মেম্বার মো: মিয়াসহ স্থানীয় লোকজন। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।



