ফের খুলে দেয়া হলো কাপ্তাই লেকের ১৬টি জলকপাট

Printed Edition
কাপ্তাই লেকে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় ১৬টি জলকপাট খুলে দেয়া হয়েছে  : নয়া দিগন্ত
কাপ্তাই লেকে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় ১৬টি জলকপাট খুলে দেয়া হয়েছে : নয়া দিগন্ত

রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা

কাপ্তাই লেকে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় আবারো বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দেয়া হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টায় ষোলটি জলকপাট ছয় ইঞ্চি করে খুলে দেয়া হয়। বর্তমানে লেকে পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট। কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্রে জানা গেছে, লেকের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় এবং রাঙামাটি জেলার বিভিন্ন স্থানে বাড়িঘর পানিতে ডুবে যাওয়া ও ভাঙন সৃষ্টি হওয়ায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্পিলওয়ের জলকপাট খুলে পানি নিষ্কাশন করা হচ্ছে। লেকের পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে জলকপাটগুলো বন্ধ করে দেয়া হবে।

এর আগে গত ২৯ আগস্ট কাপ্তাই লেকের পানির উচ্চতা বেড়ে ১০৬.০১ ফুট এমএসএলে পৌঁছালে স্পিলওয়ের ষোলটি জলকপাট প্রতিটি ছয় ইঞ্চি করে খুলে দেয়া হয়েছিল। তখন প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়। পরে পানির উচ্চতা পরিস্থিতি বিবেচনায় জলকপাটের খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হয়েছিল। একপর্যায়ে প্রতিটি গেট তিন ফুট পর্যন্ত খোলা হয় এবং এতে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হয়েছিল।

পানি কমে আসায় পরবর্তীতে স্পিলওয়ের ষোলটি জলকপাট বন্ধ করে দেয়া হয়। তবে সাম্প্রতিক সময়ে আবারো কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পাওয়ায় জলকপাটগুলো ফের খুলে দেয়া হয়েছে।