সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

ডিমলায় সাক্ষরতা দিবস পালিত

সাক্ষরতার হার বাড়ানো ছাড়া একটি দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বক্তারা। তারা বলেন, নিরক্ষরতা দূর করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সব স্তরের মানুষের সচেতনতা ও অংশগ্রহণ প্রয়োজন।‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যে নীলফামারীর ডিমলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য রথ্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।সকালে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি রথ্যালি বের হয়।পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইমরানুজ্জামান। ডিমলা (নীলফামারী) সংবাদদাতা।

৫৪ চোরাই মোবাইলসহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ৫৪টি চোরাই মোবাইল সেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মুড়াপাড়া ইউনিয়নের মিরকুঠিরছেঁও-কর্ণগোপ সড়কের প্রাইম স্টিল মিলের সামনে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার খাড়াসার এলাকার মরহুম ইদন মিয়ার ছেলে আরমান হোসেন (৩২) ও ঝিনাইদহের হরিণাকুণ্ড থানার গোবরাপাড়া এলাকার নূর ইসলামের ছেলে হৃদয় ইসলাম (৩১)। রূপগঞ্জ থানার ওসি এ এ এইচ এম সালাউদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।

অস্ত্রসহ ডাকাত সরদার গ্রেফতার

পিরোজপুরে মঠবাড়িয়া পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মো: দুলাল মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও লাল রঙের কসটেপ দিয়ে মোড়ানো ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে মঠবাড়িয়া থানার ওসি মো: রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুলাল মিয়া মঠবাড়িয়া উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মরহুম আব্দুল খালেক সরদারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের খায়ের ঘটিচোরা গ্রামে অভিযান পরিচালনা করে ডাকাত সর্দার দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তল্লাশিকালে তার হাঁসের ঘরের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি বাজারের ব্যাগের ভেতর থেকে একটি ম্যাগাজিন ব্যতীত পিস্তল এবং ছয়টি ককটেল সদৃশ বস্তু জব্দ করা হয়।

গ্রেফতার মো: দুলাল মিয়ার বিরুদ্ধে ঝালকাঠি জেলায় একটি স্বর্ণের দোকানে ডাকাতির মামলা ছাড়াও একাধিক মামলা রয়েছে। মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা।

ইউনিয়ন কার্যালয় নিয়ে টানাটানি

বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার নবগঠিত রহবল ইউনিয়ন পরিষদের কার্যালয় কোথায় নির্মাণ করা হবে, তা নিয়ে দুই এলাকায় টানাপোড়েন দেখা দিয়েছে। রহবল বাজার এলাকায় পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। অন্য দিকে ইউনিয়নের পাকুড়তলা এলাকার বাসিন্দারাও পরিষদ ভবন পাকুড়তলা বাজার এলাকায় নির্মাণের দাবি জানাচ্ছেন। ফলে পরিষদ কার্যালয়ের স্থান নির্ধারণ নিয়ে স্থানীয় পর্যায়ে দুই পক্ষের মধ্যে চলছে দাবি-পাল্টা দাবি। গতকাল মঙ্গলবার রহবল বাজারে বগুড়া-রংপুর মহাসড়কের পাশে পরিষদ ভবন রহবল এলাকায় নির্মাণের দাবিতে মানববন্ধন হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ‘রহবল বাজার ইউনিয়নের প্রায় মধ্যবর্তী স্থানে অবস্থিত। এখানে উচ্চবিদ্যালয়, বালিকা উচ্চবিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা, ডাকঘর ও কৃষি উন্নয়ন ব্যাংকের শাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। ফলে ইউনিয়ন পরিষদের কার্যালয়ও এখানে হলে সাধারণ মানুষ সহজেই সরকারি সেবা নিতে পারবেন।’ শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা।

নিকলীতে ২ মাদকাসক্ত আটক

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ইয়াবা সেবনরত অবস্থায় দুই মাদকাসক্তকে আটক করেছে পুলিশ। নিকলী থানা সেকেন্ড অফিসার রোমান খানের নেতৃত্বে এস আই সাগর বিশ্বাস, এ এস আই জাকির হোসেনসহ নিকলী থানা পুলিশের একটি টিম গত সোমবার নিকলী সদর ইউনিয়নের দোয়ারহাটি গ্রামের মো: উজ্জ্বল মিয়ার ছেলে মো: শাওন (২০) ও একই গ্রামের মো: হান্নানের ছেলে তানভীরকে (২১) ইয়াবা সেবনরত অবস্থায় দুয়ারহাটি থেকে পুলিশ গ্রেফতার করে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিকলী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম আরা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আসামিদ্বয় অপরাধ স্বীকার করিলে, প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা।