বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ‘এআই : উদ্ভাবন এবং ভবিষ্যতের দিকনির্দেশনা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এআই বিশেষজ্ঞ, পাকিস্তানের কমস্যাটস ইউনিভার্সিটি ইসলামাবাদের একাডেমিক অ্যাডমিনিস্ট্রেটর এবং তমঘা-ই-ইমতিয়াজপ্রাপ্ত ডা: হাম্মাদ ওমর।
সেমিনারে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা, রোগ নির্ণয়ের স্বয়ংক্রিয় প্রযুক্তি, বায়োমেডিক্যাল ডেটা বিশ্লেষণ, স্বাস্থ্যসেবা ব্যবস্থার ডিজিটালায়ন, গবেষণায় সহযোগিতা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ডা: হাম্মাদ ওমর বলেন, ‘এআই আর ভবিষ্যতের ধারণা নয়; এটি বর্তমান চিকিৎসা ব্যবস্থাকে রূপান্তর করছে। বাংলাদেশে এআই-সমর্থিত গবেষণা ও নীতি-সমন্বয় বাড়াতে হবে।’ তিনি বিএমইউতে বিদ্যমান জনবল ও সমৃদ্ধ ডেটাবেইস কাজে লাগিয়ে মানবসম্পদ উন্নয়ন ও উদ্ভাবনী গবেষণায় এআই প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
বিএমইউর ভিসি অধ্যাপক ডা: মো: শাহিনুল আলম বলেন, ‘স্বাস্থ্য খাতের প্রতিটি ক্ষেত্রেই এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশে স্বাস্থ্যসেবা ও মেডিক্যাল গবেষণায় নেতৃত্ব দেয়ার লক্ষ্যেই বিএমইউ এগিয়ে চলেছে।’ তিনি জানান, বিএমইউর বৃহৎ রোগীভিত্তি ও গবেষণার সুযোগ স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে বড় সম্ভাবনা তৈরি করেছে।
প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ বলেন, এআই একটি অপরিহার্য প্রযুক্তি। চিকিৎসকদের এ বিষয়ে প্রশিক্ষিত হওয়া জরুরি, বিশেষ করে অনকোলজি ও রেডিওলজির ক্ষেত্রে এআই দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয়ে বড় ভূমিকা রাখবে।
সেমিনারে মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা: মো: শামীম আহমেদ, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা: মো: ইব্রাহীম সিদ্দিক, প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা: মো: আতিকুল হক বক্তব্য রাখেন। তারা বলেন, আন্তর্জাতিক সহযোগিতা, স্বাস্থ্য ডেটা ম্যানেজমেন্ট, মেশিন-লার্নিং প্ল্যাটফর্ম, রোবোটিক সাপোর্ট ও বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে বিএমইউকে এআই-সমৃদ্ধ প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পাবলিক হেলথ ইনফরমেটিকস বিভাগের ডা: ফারজানা ইসলাম ও ডা: এস এম শহীদুল হক রাহাত। অনুষ্ঠানে নিউনেটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: মো: আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক ডা: মো: রাসেল আহমেদসহ শিক্ষক ও রেসিডেন্টরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।


