সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে ইসলামী দলগুলোর মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা এক মঞ্চে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আট দলীয় ঐক্যজোটের কার্যক্রম জোরদারে ঐক্যবদ্ধ হয়েছেন তারা।
গত মঙ্গলবার রাতে প্রার্থীরা নির্বাচনী মাঠে নিজেদের উপস্থিতি শক্তভাবে জানান দিতে সোনারগাঁওয়ে বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিস কার্যালয়ে এক যৌথ আলোচনা সভায় মিলিত হন। সভায় জোটভুক্ত পাঁচ দলের এমপি পদপ্রার্থী একত্রে বসে নির্বাচনে শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন। যৌথ আলোচনা সভায় উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ড. মো: ইকবাল হোসাইন ভূঁইয়া, খেলাফত আন্দোলনের প্রার্থী আতিকুর রহমান নান্নু মুন্সি, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা শাহজাহান শিবলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো: ফারুক আহমেদ মুন্সী, খেলাফত মজলিসের প্রার্থী মুফতি সিরাজুল ইসলামসহ স্থানীয় পাঁচ দলের থানা আমির, সেক্রেটারি এবং আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষ। সভায় বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে ইসলামী আট দলীয় ঐক্যজোটের সম্মিলিত অংশগ্রহণকে জনগণের প্রত্যাশার প্রতিফলন হবে বলে মনে করেন। তারা আরো বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য ঐক্যের বিকল্প নেই।
প্রার্থীরা বলেন, এবার ইসলামপন্থী শক্তিই সংসদে দায়িত্ব নেবে, এটাই আমাদের বিশ্বাস। তারা আরো বলেন, আমাদের লক্ষ্য ধর্মীয় মূল্যবোধ রক্ষা করা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। সোনারগাঁওবাসীর ভালোবাসাই আমাদের শক্তি।
এ দিকে সভাস্থলে উপস্থিত অনেকেই জানান, বহুদিন পর ইসলামী দলগুলোর এমন ঐক্যবদ্ধ উপস্থিতি তারা দেখলেন। কেউ কেউ মনে করেন, এতে নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি হতে পারে। আবার অনেকে মনে করেন, ঐক্যজোটের ভোটব্যাংক থাকলেও আসনটিতে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে প্রধান দুই রাজনৈতিক শক্তির মধ্যেই। স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জ-৩ আসনটি সবসময় রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। শিল্পাঞ্চল, পর্যটনকেন্দ্র ও ঘনবসতিপূর্ণ এই সোনারগাঁও এলাকায় বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামী রাজনৈতিক মাঠে সক্রিয় হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় আট দলীয় ঐক্যজোটের এই যৌথ উপস্থিতি স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সভা শেষে প্রার্থীরা নির্বাচনী মাঠে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং শিগগিরই বড় আকারের কয়েকটি জনসভা করার ঘোষণা দেন।



