নয়া দিগন্ত ডেস্ক
সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক সিএনজি-চালিত অটোরিকশার যাত্রী এবং নীলফামারীর ডিমলায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দাঁড়িয়ে থাকা ময়লার ট্রাকে সিএনজি-চালিত অটোরিকশার ধাক্কায় নজরুল ইসলাম (৬৫) নামের এক সিএনজি-যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরো চারজন আহত হয়েছেন।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার মির্জাপুর বাইপাস সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নজরুল ইসলাম করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।
আহতরা হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া গ্রামের কাজল মিয়ার স্ত্রী জোসনা আক্তার (৪০), তার শিশুপুত্র সাইফান (১৬ মাস), তাড়াইল উপজেলার কাজলা এলাকার রাবিয়া (৫০) এবং করিমগঞ্জ উপজেলার বাসিন্দা অটোরিকশাচালক নজরুল ইসলাম (৩৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি সিএনজি-চালিত অটোরিকশা মির্জাপুর বাইপাস এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পাকুন্দিয়া পৌরসভার একটি ময়লার ট্রাকের পেছনে অটোরিকশাটি সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা পাঁচ যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারীর ডোমার-জলঢাকা সড়কের তিনবট এলাকায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাহাজান ইসলাম (২০) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরো দুইজন গুরুতর আহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাজান ইসলাম ডিমলা উপজেলার আমডাঙ্গা এলাকার সাইফুল ইসলামের ছেলে। সে এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আহতরা হলেন- মোটরসাইকেল চালক মমিনুর ইসলাম ও লোকমান হোসেন।
স্থানীয়রা জানান, শাহাজান ইসলাম তার চাচা ও ফুফার সাথে ডিমলা থেকে মোটরসাইকেলে করে নীলফামারী পাসপোর্ট অফিসে যাচ্ছিল। তিনবট বাজার এলাকায় ডোমার বসুনিয়া হাটগামী গরুবোঝাই একটি নসিমন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নসিমনটি মোটরসাইকেলের ওপর উল্টে পড়ে তিনজন চাপা পড়েন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শাহাজান ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত মমিনুর ইসলাম ও লোকমান হোসেনকে প্রথমে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।



