নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় পাঁচটি ইউনিট। পরে আরো আটটি ইউনিট পাঠানো হয়। এখন আগুন নেভাতে ১৩টি ইউনিট কাজ করছে।
তিনি জানান, ঘটনাস্থলে পানির সঙ্কট রয়েছে। এ কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। এখনো আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নেভানোর কার্যক্রম চলছিল।
বাড্ডায় চিপস ফ্যাক্টরিতে আগুন দুই শ্রমিকের মৃত্যু
এ দিকে রাজধানীর পূর্ব বাড্ডার কবরস্থান রোডে একটি চিপস ফ্যাক্টরিতে আগুনে পুড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন- ২৩ বছর বয়সী মাহমুদুল হাসান এবং ২১ বছর বয়সী মোস্তফা মিয়া। রোববার রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গতকাল সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত দু’জনই রংপুরের তারাগঞ্জ উপজেলার বাসিন্দা। মাহমুদুল হাসানের বাড়ি তারাগঞ্জ উপজেলার বড় জুম্মাপাড়া গ্রামে। বাবার নাম ইসলাম উদ্দিন। আর মোস্তফা মিয়ার বাড়ি উপজেলার চর কাজীপাড়া গ্রামে। বাবার নাম মজনু মিয়া। ভবনটি ছিল দ্বিতীয়তলা বিশিষ্ট, নিচতলায় ফার্নিচার কারখানা এবং উপরের তলায় চিপস ফ্যাক্টরি। তারা পূর্ব বাড্ডা কবরস্থান রোডে আমির হোসেনের চিপস ফ্যাক্টরির ভেতরেই থাকতেন
কারখানার শ্রমিক রাকিবুল ইসলাম জানান, রাতে কাজ শেষে ১০ জন শ্রমিক কারখানার ভেতরে ঘুমিয়েছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে বাইরে থেকে ‘আগুন আগুন’ বলে চিৎকার শুনে তাদের ঘুম ভাঙে। পরে তারা দেখতে পান, কারখানায় আগুন লেগেছে। তখন দ্রুত যে যেভাবে পারেন বের হয়ে আসেন। তবে মাহমুদুল হাসান ও মোস্তফা মিয়া বের হতে পারেননি। পরে তাদের লাশ উদ্ধার করা হয়।
এ ছাড়াও গতকাল রাজধানীর পল্লবী এলাকার কালশি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদরদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, সন্ধ্যা সাতটা ২৩ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পল্লবী ও মিরপুর ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নির্বাপনের কাজ করে। পরে সাহায্যের জন্য মিরপুর এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে আরো তিনটি ইউনিট যায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।



