জুলাই নাট্যোৎসব, আলোচনা ও আলোকচিত্র প্রদর্শনী

জুলাই শহীদদের বাংলাদেশের ইতিহাস ও চেতনা ধারণ করতে হবে : ড. মাহমুদুর রহমান

Printed Edition
শিল্পকলা একাডেমিতে জুলাই নাট্যোৎসব, আলোচনা সভা ও আলোকচিত্র প্রদশনীতে বক্তব্য রাখেন  ড. মাহমুদুর রহমান : নয়া দিগন্ত
শিল্পকলা একাডেমিতে জুলাই নাট্যোৎসব, আলোচনা সভা ও আলোকচিত্র প্রদশনীতে বক্তব্য রাখেন ড. মাহমুদুর রহমান : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

মহানগর নাট্য সংসদের উদ্যোগে গতকাল বুধবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হয়েছে জুলাই নাট্যোৎসব, আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী।

মহানগর নাট্য সংসদের কার্যকরী সভাপতি মাহবুব মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান। তিনি বলেন, জুলাই শহীদদের বাংলাদেশের ইতিহাস ও চেতনার অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করতে হবে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জুলাই আন্দোলন ও বিপ্লবের চেতনা নতুন প্রজন্মের কাছে আরো ব্যাপকভাবে তুলে ধরতে হবে। চলচ্চিত্র, নাটক, সঙ্গীত, কবিতা ও গল্পের মাধ্যমে শহীদদের আত্মত্যাগ, বিশেষ করে আবু সাইদের বীরত্বপূর্ণ আত্মদানের ইতিহাস সংরক্ষণ ও প্রচার করা প্রয়োজন।

ড. মাহমুদুর রহমান আরো বলেন, শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারী সকলের অবদানকে স্মরণীয় করে রাখতে নিয়মিত সাংস্কৃতিক আয়োজনের বিকল্প নেই। তিনি এ ধরনের আয়োজনের জন্য মহানগর নাট্য সংসদকে ধন্যবাদ জানান।

নাট্যনির্মাতা হুসনে মোবারকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অভিনেতা আব্দুল আজিজ, সাংস্কৃতিক পৃষ্ঠপোষক দেলাওয়ার হোসাইন, কিডস ক্রিয়েশন অনলাইন টিভির সিইও শরীফ বায়েজিদ মাহমুদ, বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমান এবং জুলাই শহীদ সৈকতের বোন শ্রাবন্তী।

অনুষ্ঠানে ‘গারদের বন্দি’, ‘হাফেজ জুবায়ের’ এবং ‘৩৬ জুলাই’ শীর্ষক তিনটি নাটক মঞ্চস্থ করা হয়। পাশাপাশি সকাল থেকে জুলাই আন্দোলনভিত্তিক একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।