মধুখালীতে ছয় টুকরো লাশ উদ্ধার খুলনায় গুলি করে যুবককে হত্যা

ছয় জেলায় হত্যা ও রহস্যজনক মৃত্যু

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

দেশের বিভিন্ন জেলায় একাধিক হত্যাকাণ্ড ও রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। ফরিদপুরের মধুখালীতে তিনটি কার্টন থেকে অজ্ঞাত এক ব্যক্তির ছয় টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। অন্য দিকে খুলনায় প্রকাশ্যে গুলি করে এক যুবককে হত্যা করা হয়েছে। এ ছাড়া বগুড়া, জয়পুরহাট, বরিশাল ও চট্টগ্রামে পৃথক ঘটনায় আরো চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

মধুখালী, (ফরিদপুর)

উপজেলার বোয়ালিয়া এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা তিনটি কার্টন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ছয় টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার স্থানীয়রা কার্টন থেকে দুর্গন্ধ ছড়াতে দেখে পুলিশকে খবর দেন। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে, তবে পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।

দৌলতপুর, (খুলনা)

নগরীর দৌলতপুরের কুলিবাগান এলাকায় শনিবার দুর্বৃত্তদের গুলিতে জলিল মুন্সি (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে আসা তিনজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়; স্থানীয়রা তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যান। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম জাহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলের কাছে থাকা সাদা পোশাকধারী পুলিশ দল সন্দেহভাজনদের ধাওয়া করলেও তারা পালিয়ে যায়। এদের একজনকে সম্প্রতি গ্রেফতারের পর জামিনে মুক্তি পাওয়ার তথ্য পুলিশ জানিয়েছে। খুনিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।

শিবগঞ্জ, (বগুড়া) বগুড়া-রংপুর মহাসড়কের চন্ডিহারা পাকুড়তলা এলাকায় শনিবার সার্ভিস লেনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সার্জেন্ট সাগর আলী জানান, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি এবং প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ধারণা করা হলেও তা নিশ্চিত নয়। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পাঁচবিবি, (জয়পুরহাট)

উপজেলার বালিঘাটা ইউনিয়নের বীরনগর গ্রামের একটি আখক্ষেত থেকে মো: তমিজুল ইসলামের (৪৬) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বালিঘাটা ইউনিয়নের বিচারিক দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদুল ইসলাম জানান, শনিবার সকালে স্থানীয়রা মাঠে কাজ করতে গিয়ে লাশ দেখতে পান। পাঁচবিবি থানার তদন্ত কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, ঘটনা উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।

মুলাদী, (বরিশাল)

উপজেলার কাজিরচর ইউনিয়নে জুয়া খেলা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের জেরে তাসমিয়া (১৯) নামে এক নারীর মৃত্যুর ঘটনায় স্বামী নাঈম খানকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, স্বামীর জুয়া খেলায় বাধা দেয়া নিয়ে ঝগড়ার একপর্যায়ে মারধরের শিকার হন তাসমিয়া, পরে শুক্রবার তিনি বিষপান করেন এবং হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবার করা মামলায় স্বামীসহ অজ্ঞাতনামা দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো: সোহেল রানা জানান, প্রধান আসামি নাঈম খানকে গ্রেফতার করা হয়েছে এবং মামলার তদন্ত চলছে।

আনোয়ারা, (চট্টগ্রাম)

উপজেলার রুস্তমহাট এলাকায় একটি সেলুন থেকে নরসুন্দর নেপাল রবি দাশের (২৬) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তিনি ফেসবুকে একটি পোস্ট দেন। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জুনায়েত চৌধুরী জানান, মৃত্যুর প্রকৃত কারণ ও ফেসবুক পোস্টের সাথে সম্ভাব্য সম্পর্ক খতিয়ে দেখছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।