নয়া দিগন্তে সংবাদ প্রকাশ

সেই অসহায় প্রবীণ আব্দুল বারীর পাশে প্রশাসন

Printed Edition

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

সংবাদ প্রকাশের পর চুয়াডাঙ্গার দামুড়হুলার অসহায় প্রবীণ আব্দুল বারীর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সদর ইউএনও তিথি মিত্র সশরীরে উপস্থিত হয়ে তার খোঁজখবর নেন এবং তাৎক্ষণিক খাদ্যসহায়তা প্রদান করেন। একই সাথে তার স্থায়ী বাসস্থানের উদ্যোগ নেয়ার আশ্বাস দেন।

চুয়াডাঙ্গা সদর উপজেলার কবিখালী এলাকার এক জরাজীর্ণ ঝুপড়ি ঘরে একা বসবাস করেন প্রবীণ আব্দুল বারী। বয়সের ভারে ন্যুব্জ হলেও জীবন ধারণের জন্য এখনো বাইসাইকেলে ঘুরে হাঁড়ি-পাতিল মেরামতের কাজ করেন। সম্প্রতি তার এই মানবেতর জীবনসংগ্রাম নিয়ে জাতীয় দৈনিক নয়া দিগন্তে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

প্রতিবেদন দেখে ইউএনও তিথি মিত্র চাল, ডালসহ আট ধরনের শুকনা খাদ্যসামগ্রী নিয়ে আব্দুল বারীর ঝুপড়ি ঘরে পৌঁছান। খাদ্যসহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নিঃসঙ্গ এই বৃদ্ধ। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আব্দুল বারীর বয়স ১০৫ বছর (জন্ম সাল ১৯২৭)। তার নিজস্ব জমি না থাকায় সরকারি খাসজমি বা সার্বিক সম্মতির ভিত্তিতে একটি স্থায়ী ঘর তৈরি করে দেয়ার পরিকল্পনা করছে প্রশাসন। ইউএনও তিথি মিত্র বলেন, প্রবীণ এই মানুষটির অসহায়ত্বের বিষয়টি নজরে আসার পরই প্রাথমিক খাদ্যসামগ্রী দেয়া হয়েছে। সরকারি বয়স্ক ভাতা ছাড়াও ভবিষ্যতে প্রশাসনের পক্ষ থেকে সাধ্যমতো সর্বাত্মক সহায়তা করা হবে।