আপিল বিভাগে ভার্চুয়াল আদালত পরিচালনার সিদ্ধান্ত স্থগিত

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সপ্তাহে দু’দিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ভার্চুয়াল মাধ্যমে আদালতের কার্যক্রম পরিচালনার যে সিদ্ধান্ত হয়েছিল তা স্থগিত করা হয়েছে। সুপ্রিম কোর্ট প্রশাসন গতকাল রোববার এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলেছে, প্রতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার আপিল বিভাগে (চেম্বার আদালতসহ) ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনার যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল তা আপাতত স্থগিত করা হয়েছে। ফলে এখন থেকে সপ্তাহের সব কার্যদিবসেই সশরীরে বা নিয়মিত আদালতের বিচারকাজ পরিচালিত হবে।

তবে বিজ্ঞপ্তিতে হাই কোর্টের বিষয়ে কিছু বলা হয়নি। ওই বিভাগেও বর্তমানে প্রতি বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়াল কোর্ট পরিচালিত হচ্ছে। গত ১৯ এপ্রিল সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তিতে সপ্তাহে দুই দিন ভার্চুয়াল কোর্ট পরিচালনার কথা বলে।

এই সিদ্ধান্ত ঘোষণার পরই এর প্রতিবাদ জানিয়েছিলেন আইনজীবীরা। ২১ এপ্রিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে ‘সাধারণ আইনজীবী’ ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। আইনজীবীরা অভিযোগ করেছিলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে এর আগে আইনজীবী নেতাদের সাথে আলোচনা করে মতামত নেয়া হতো। কিন্তু এবার কোনো আলোচনা ছাড়াই ভার্চুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হয়েছে।

এই দাবি তুলে তারা ভার্চুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন।