ক্রীড়া প্রতিবেদক
নারী টি-২০ বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ পর্বে চার ম্যাচে চারটিতেই জিতে সুপার সিক্সে উঠে বাংলাদেশ। সুপার সিক্সে প্রথম ম্যাচ জিতেই নিশ্চিত করেছে বিশ্বকাপ। এখনো পর্যন্ত টুর্নামেন্টের দুই অপরাজিত দলের একটি বাংলাদেশ, অপরটি নেদারল্যান্ডস। আজ সকাল ৯.১৫ মিনিটে কির্তীপুরে স্কটল্যন্ডের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে টাইগ্রেসরা।
নারীদের টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত পাঁচ ম্যাচে খেলে জিতেছে পাঁচটিতেই। নিশ্চিত করেছে বিশ্বকাপের মূল পর্বে। এখন পর্যন্ত দলের পারফরম্যান্স, নিজের বোলিং নিয়ে বেশ খুশি লেগ স্পিনার রাবেয়া খান। বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় রাবেয়া বলেছেন, ‘আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি। বাছাইপর্বে নিজেদের খুব কঠিন সময় দিতে হয়, কারণ খুব চিন্তার বিষয় থাকে কখন কী হয় না হয়। এ দিক থেকে আমরা ডমিনেট করেই পাঁচ ম্যাচ জিততে পেরেছি এবং বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে পেরেছি। তাই অনেক খুশি।’
রাবেয়া আরো বলেন, ‘সামনের ম্যাচে স্কটল্যান্ডের সাথে খেলব। আমরা বাংলাদেশ থেকে এখানে এসেছি চ্যাম্পিয়ন হতে। এই দলকে ছোট করে দেখা ঠিক হবে না। আমাদের প্রসেস অনুযায়ী খেলব। খুব ভালো লাগার বিষয়, আমি আমার বোলিং নিয়েও খুব খুশি। তারা রথ্যাংকিংয়েও আগাচ্ছে। বোলার-ব্যাটার সবাই ভালো ছন্দে আছে আশা করি এটা সামনে কাজে দেবে।’
যদিও বাছাইপর্বে ফাইনাল ম্যাচ নেই। তবে সুপার সিক্সে শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে থাকতে পারলেই সেরা দল হিসেবে টুর্নামেন্ট শেষ করবে বাংলাদেশ।



