সংসদে বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৫৮ দেশের সাথে প্রথম চীন দ্বিতীয় ভারত

Printed Edition

সংসদ প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, গত ২০২৪-২৫ অর্থবছরে বিশ্বের ৫৮টি দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে। যার মধ্যে সবচেয়ে বড় অঙ্কের ঘাটতি রয়েছে চীন ও ভারতের সাথে। দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি মূলত গুটিকয়েক প্রধান বাণিজ্য অংশীদারের মধ্যেই বেশি ঘনীভূত। শিল্প খাতের প্রয়োজনীয় কাঁচামাল, জ্বালানি পণ্য এবং মূলধনী যন্ত্রপাতির ক্ষেত্রে আমদানির ওপর কাঠামোগত নির্ভরশীলতার কারণেই এই ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে।

গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন নাহারের এক লিখিত প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী সংসদকে এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন।

জাতীয় সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, বাংলাদেশের একক বৃহত্তম বাণিজ্য ঘাটতি রয়েছে চীনের সাথে, যার পরিমাণ ১৭ দশমিক ৮৭ বিলিয়ন মার্কিন ডলার। এই বিশাল ঘাটতির মূল কারণ হলো চীন থেকে ভারী যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স পণ্য, শিল্পের কাঁচামাল ও মূলধনী পণ্যের উচ্চ আমদানি। এর বিপরীতে ওই অর্থবছরে চীনে বাংলাদেশের রফতানির পরিমাণ ছিল মাত্র ৬৯৪ দশমিক ৪৯ মিলিয়ন ডলার। বাণিজ্য ঘাটতির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৭ দশমিক ৮৬ বিলিয়ন ডলার। এই সময়ে বাংলাদেশ থেকে ভারতে মাত্র ১ দশমিক ৭৬ বিলিয়ন ডলারের পণ্য রফতানি হলেও এর বিপরীতে তুলা, রাসায়নিক, খাদ্যপণ্য এবং ভোগ্যপণ্যের বিপুল আমদানির কারণে এই বড় ব্যবধান তৈরি হয়েছে।

বাণিজ্যমন্ত্রী আরো জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সাথেও বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেশ চোখে পড়ার মতো, যা মূলত এই অঞ্চল থেকে মধ্যবর্তী পণ্য ও শিল্পের কাঁচামাল আমদানির ওপর নির্ভরশীলতাকে নির্দেশ করে। এই অঞ্চলে ইন্দোনেশিয়ার সাথে সবচেয়ে বেশি ৩ দশমিক ৫৯ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি রেকর্ড করা হয়েছে। এরপরই রয়েছে সিঙ্গাপুর, যার সাথে ঘাটতির পরিমাণ ২ দশমিক ৮০ বিলিয়ন ডলার এবং মালয়েশিয়ার সাথে এই ঘাটতি ২ দশমিক ০১ বিলিয়ন ডলার। এ ছাড়া এই অঞ্চলের অন্য দু’টি দেশ ভিয়েতনাম ও থাইল্যান্ডের সাথেও উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি রয়েছে, যার পরিমাণ যথাক্রমে ৭৯৯ দশমিক ৭৪ মিলিয়ন এবং ৭২৩ দশমিক ৮৫ মিলিয়ন ডলার।

অন্য দিকে মধ্যপ্রাচ্যের জ্বালানি রফতানিকারক দেশগুলোর সাথেও বাংলাদেশ বড় ধরনের বাণিজ্য ঘাটতিতে পড়েছে। এর মধ্যে কাতারের সাথে ঘাটতি ২ দশমিক ১১ বিলিয়ন ডলার, সৌদি আরবের সাথে ১ দশমিক ৩৬ বিলিয়ন ডলার, সংযুক্ত আরব আমিরাতের সাথে ১ দশমিক ১৯ বিলিয়ন ডলার এবং ওমানের সাথে ২১৯ দশমিক ৬৬ মিলিয়ন ডলার। পূর্ব এশিয়ার উন্নত অর্থনীতিগুলোর মধ্যে তাইওয়ানের সাথে ৮০৩ দশমিক ৯৮ মিলিয়ন ডলার, দক্ষিণ কোরিয়ার সাথে ৭৪০ দশমিক ০২ মিলিয়ন ডলার, জাপানের সাথে ৪৮৯.৩০ মিলিয়ন ডলার এবং হংকংয়ের সাথে ১৯৯ দশমিক ৩৫ মিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে। দক্ষিণ এশিয়ার ভেতরে পাকিস্তানের সাথেও বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৬৮১ দশমিক ৩০ মিলিয়ন ডলার।