মালির ৫ শহরে বিদ্রোহীদের হামলা

Printed Edition

আলজাজিরা

মালির রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে বন্দুকধারীদের রক্তক্ষয়ী হামলার দুই মাসেরও বেশি সময় পর এবার দেশের অন্তত পাঁচটি এলাকায় নতুন করে একযোগে হামলা চালিয়েছে সশস্ত্র বিদ্রোহীরা। গতকাল শনিবার ভোরে এই সমন্বিত হামলাগুলো চালানো হয় যার মধ্যে সরকারি বাহিনী ও রুশ যোদ্ধাদের ঘাঁটি থাকা উত্তরের একটি শহর এবং রাজধানী বামাকোর দক্ষিণের একটি শহরও রয়েছে বলে মালির সামরিক ও নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে।

বাসিন্দা ও নিরাপত্তা সূত্র জানিয়েছে যে রাজধানী বামাকো থেকে ৭৪ কিলোমিটার দূরে অবস্থিত কেনিরোবা’র একটি বড় কারাগারে এই হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় ভোর প্রায় ৫টার দিকে বিভিন্ন স্থানে একযোগে এই লড়াই শুরু হয়। এদিকে উত্তর মালির একটি শহরে শনিবার ভোরে হামলা চালানোর কথা নিশ্চিত করেছে তুয়ারেগ নেতৃত্বাধীন একটি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী। আজাওয়াদ লিবারেশন ফ্রন্ট বা এফএলএ-এর মুখপাত্র মোহাম্মদ আলমাওলুদ রামাদান জানিয়েছেন যে তাদের গোষ্ঠীর যোদ্ধারা উত্তর-পূর্বাঞ্চলীয় কিদাল অঞ্চলের আনেফিস শহরে এই হামলা চালিয়েছে। এর আগে গত ২৫ ও ২৬ এপ্রিল এফএলএ এবং আঞ্চলিক আল-কায়েদা শাখা কিদাল শহরের নিয়ন্ত্রণ নেয়ার পর আনেফিস শহরে সরকারি ও রুশ সেনা মোতায়েন করা হয়েছিল। মালি দীর্ঘ দিন ধরেই সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতার পাশাপাশি দেশের উত্তরাঞ্চলে একটি বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহের মুখোমুখি হচ্ছে।