বেনাপোলে মারা যাওয়া ভারতীয় পাসপোর্ট যাত্রীর লাশ ফেরত পাঠানো হলো

Printed Edition

বেনাপোল (যশোর) সংবাদদাতা

দূতাবাসের ছাড়পত্র নিয়ে ভারতে পাঠানো হয়েছে যশোরের বেনাপোল চেকপোস্টে মারা যাওয়া ভারতীয় পাসপোর্ট যাত্রী গৌতম মিস্ত্রির (৫৫) লাশ। প্রায় দুই সপ্তাহ বরিশালে আত্মীয়ের বাড়ি বেড়ানো শেষে দেশে ফেরার সময় গত বুধবার স্ট্রোক করে বেনাপোলে মারা যান তিনি। কালিয়া নগর সুরাইয়া সেন পল্লী কোলকাতার রমনী মিস্ত্রীর ছেলে তিনি।

শুক্রবার বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরে গেছে তার লাশ।

গৌতম মিস্ত্রির স্ত্রী জাহানারা মিস্ত্রি জানান, দুই সপ্তাহ আগে আমি আমার স্বামীকে নিয়ে বাংলাদেশের বরিশালে আমার বাবার বাড়ি এবং অন্য আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। গত বুধবার দেশে ফিরে যাওয়ার জন্য বেনাপোলে আসি। গাড়ি থেকে নামার পর পরই আমার স্বামী গৌতম মিস্ত্রি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বাংলাদেশ অংশে মারা যাওয়ায় বিভিন্ন কাগজপত্রের কারণে লাশ নিয়ে দেশে ফিরতে পারিনি। প্রায় তিন দিন পর হাসপাতাল থেকে ডেথ সার্টিফিকেট, স্থানীয় থানার জিডি এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনের ক্লিয়ারেন্স নিয়ে স্বামীর লাশ নিয়ে দেশে ফিরে যাচ্ছি। তবে বাংলাদেশের মানুষের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। এ দেশের মানুষ আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছে। ডেড বডি গাড়িতে উঠানো নামানো থেকে শুরু করে সার্বিক সাহায্য তারা করেছে। বেনাপোল ইমিগ্রেশনের ওসি এবং স্থানীয় কিছু লোকজন বেশকিছু টাকা পয়সা জোগাড় করে দিয়েছিলেন। যা দিয়ে ঢাকা যাওয়া আসা, খাওয়া দাওয়া সব খরচ এ দেশের মানুষ বহন করেছে। কিন্তু আমার নিজের ভাইকে ফোন করেছিলাম সে আমাদের দেখতে পর্যন্ত আসেনি। এ দেশের মানুষের মানবিকতাকে ধন্যবাদ জানানো ছাড়া আমার আর কিছু দেয়ার নেই।