মিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা গুলিবিদ্ধ, অস্ত্রসহ গ্রেফতার ১

রাজধানীতে পৃথক অভিযানে গ্রেফতার ৫২৭

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গুলিবর্ষণে স্বেচ্ছাসেবক দলের মিরপুর থানা শাখার যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৩৮) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় একটি বিদেশী পিস্তল, চারটি ফায়ার করা কার্তুজের খোসা, দু’টি তাজা কার্তুজ ও একটি বুলেট উদ্ধার ও মো: কাওছার ভুঁইয়া ওরফে শান্ত ওরফে এসবি (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার রাত ৯টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সাইফুল ইসলাম সিজুকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক তাকে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটে। গ্রেফতার কাওছারের বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের করা একটি মামলায় তিনি চার্জশিটভুক্ত আসামি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ জানায়, কাওছার দীর্ঘদিন ধরে সাইফুল ইসলাম সিজুকে হত্যার পরিকল্পনা করছিলেন। পরিকল্পনার অংশ হিসেবে তিনি কৌশলে সিজুর সাথে সখ্য গড়ে তোলেন এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আগ্রহ দেখান। ঘটনার দিন হামলার কিছুক্ষণ আগে তিনি সিজুর পাশে বসে চা পান করেন। পরে পূর্বপরিকল্পনা অনুযায়ী সহযোগীদের সহায়তায় আগ্নেয়াস্ত্র দিয়ে সিজুকে লক্ষ্য করে গুলি করেন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এবং অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।

অটোরিকশাচালক হত্যা: গ্রেফতার ৩

রাজধানীতে অটোরিকশাচালককে অজ্ঞান করে হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ। পুলিশ জানায়, গত ২৮ জুন খিলগাঁও এলাকা থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর ওই চালক নিখোঁজ হন। পরদিন নবাবপুর রোড এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২ জুলাই তিনি মারা যান। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কেরানীগঞ্জ ও লালবাগ এলাকায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় ছিনতাই হওয়া একটি অটোরিকশা, ছিনতাইয়ে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিরা অজ্ঞানপার্টি চক্রের সক্রিয় সদস্য।

বনানীতে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

রাজধানীর বনানীর কাকলী ক্রসিং এলাকায় নিয়মিত দায়িত্ব পালনকালে এক নারীর চিৎকার শুনে এগিয়ে যান ট্রাফিক সার্জেন্ট শাহীন মিয়া ও তার সহকর্মীরা। এ সময় মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টাকালে এক পেশাদার ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়।

সিটিটিসির পৃথক অভিযানে গ্রেফতার ৪

কাওরান বাজার ও কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পৃথক দু’টি বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এ সময় তাদের কাছ থেকে তিনটি ছুরি উদ্ধার করা হয়েছে।

ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৩২

গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে ৫৪টি মামলা দায়ের করা হয়। অভিযানে ১৬ কেজি ৫৪০ গ্রাম গাঁজা, ৪৪৬টি ইয়াবা, ৩২ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, একটি শুটার মেশিন, একটি কাঠ কাটার মেশিন, একটি গ্রাইন্ডিং মেশিন ও একটি স্ট্যান্ড ফ্যান উদ্ধার করা হয়েছে।

তেজগাঁও বিভাগে গ্রেফতার ৮৭

ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে শেরেবাংলা নগর, মোহাম্মদপুর ও তুরাগ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আরো ৩৬ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। এ ছাড়া বাড্ডা এলাকায় ট্রাফিক পুলিশের অভিযানে প্রায় ১০০ কেজি গাঁজাবোঝাই একটি গাড়ি জব্দ করা হয়েছে।