ফতুল্লায় নিখোঁজের এক দিন পর মাদরাসাছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

Printed Edition

নারায়ণগঞ্জ প্রতিনিধি ও ফতুল্লা সংবাদদাতা

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের এক দিন পর সোমবার সকালে সৈকত (৭) নামের এক মাদরাসাছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সৈকত গাইবান্ধা জেলার বাসিন্দা আঞ্জুর ছেলে এবং স্থানীয় মাহমুদিয়া মাদরাসার ছাত্র। তার বাবা পেশায় রাজমিস্ত্রি ও মা গার্মেন্টকর্মী। তারা পরিবারসহ নরসিংপুরের হাসেম স্পিনিং মিলসংলগ্ন ইব্রালাভ মিয়ার বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, রোববার দুপুরের পর থেকে সৈকত নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

সোমবার সকালে উত্তর নরসিংপুরের বক্তাবলী সড়কে হাসেম স্পিনিং মিলের পাশে একটি পরিত্যক্ত স্থানে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

ফতুল্লা মডেল থানার ওসি আবদুল মান্নান জানান, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।