মধ্যরাতে আকাশে বিস্ময়

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

মধ্যরাতে কয়েক হাজার ফুট উপর দিয়ে যাত্রিবাহী বিমান উড়ে যাচ্ছে। জানালা দিয়ে বাইরে তাকালেই দেখা যাচ্ছে আলোর গুচ্ছ। এক নজরে দেখলে মনে হয়, সরু সুতোর মতো আলোর নদী যেন এঁকেবেঁকে বয়ে যাচ্ছে। বিমানের যাত্রীরা যেন এই অপূর্ব দৃশ্যের সাক্ষী থাকতে পারেন, তাই জানালা থেকে বাইরে তাকানোর অনুরোধ করলেন পাইলট। বিমানে বসে জানালা দিয়ে যা দেখলেন, তা ক্যামেরাবন্দী করলেন এক যাত্রী।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে যে, ইন্ডিগো বিমান সংস্থার এক পাইলট যাত্রীদের বাইরের দৃশ্য দেখার জন্য অনুরোধ করছেন। আসলে, বিমান থেকে তখন পাখির চোখে ভারত-পাকিস্তানের সীমান্ত দেখা যাচ্ছিল। যাত্রীরা সেই অভিজ্ঞতা লাভ করুন, তা চাইছিলেন তরুণ পাইলট।

ভিডিওটি পোস্ট করে তিনি লেখেন, ‘বলা হয়, রাতে মহাকাশ থেকেও ভারত-পাকিস্তান সীমান্ত দেখা যায়। তা যেন অন্ধকারের বুক চিরে যাওয়া আলোর এক উজ্জ্বল রেখা। বিমান থেকেও তা স্পষ্ট দৃশ্যমান।’ যাত্রীদের উদ্দেশে পাইলট বললেন, ‘দয়া করে আপনারা যদি বিমানের বাইরের দিকে তাকান, তাহলে বিশ্বের অন্যতম সংবেদনশীল ও কঠোরভাবে সুরক্ষিত ভারত-পাকিস্তান সীমান্তের এক ঝলক দেখতে পাবেন।’ ভিডিওটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে বিস্ময় প্রকাশ করেছেন নেটপাড়ার অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘সত্যিই পাখির চোখে জায়গাটিকে কত সুন্দর দেখায়। অথচ এই অঞ্চলের সাথে রক্তপাতের কত কঠিন ইতিহাস জড়িয়ে রয়েছে!’