মুন্সীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার চাঁদাবাজির কল রেকর্ড ফাঁস

Printed Edition

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের চর মুক্তারপুরে একটি টেক্সটাইল মিলের ম্যানেজারের কাছে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক দলের এক শীর্ষ নেতার বিরুদ্ধে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত শহিদুল ইসলাম শহিদ জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি। ১ মিনিট ২১ সেকেন্ডের ওই অডিওতে তাকে আইডিয়াল টেক্সটাইল মিলসের ম্যানেজার আ: রহমানের কাছে চাঁদা দাবি ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায়। ম্যানেজারের দাবি, সরকার পতনের পর থেকেই শহিদ কারখানায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এমনকি গত ঈদের আগে লোক পাঠিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দেয়ায় তাকে হত্যার হুমকিও দেয়া হয়েছে। তবে শহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, এটি উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট প্রচারণা। ২০২৪ সালে কারখানায় এক শ্রমিক নিহতের ঘটনা নিয়ে আমাকে জড়ানো হচ্ছে। ম্যানেজার আ: রহমান বলেন, আমি কোনো লিখিত দিইনি। এদিকে স্থানীয় বিএনপি নেতারা জানান, দলীয় পদ ব্যবহার করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে শহিদের বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। এ বিষয়ে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক আবদুল্লাহ আল মামুন জানান, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।