রাশিয়ার ওপর ২১তম নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে ইইউ

Printed Edition

আনাদোলু

রাশিয়ার ওপর চাপের ধারাবাহিকতা বজায় রাখতে এবং ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাদের ২১তম নিষেধাজ্ঞা প্যাকেজ নিয়ে অগ্রসর হচ্ছে। গতকাল শুক্রবার জোটের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা ক্লাস এ ঘোষণা দিয়েছেন।

গ্রিক সাইপ্রাসে আয়োজিত ইইউর এক অনানুষ্ঠানিক সম্মেলনে ক্লাস জানান, সাম্প্রতিক পদক্ষেপগুলোর মধ্যে ইউক্রেনের জন্য ৯০ বিলিয়ন ইউরোর (প্রায় ১০৫ বিলিয়ন ডলার) একটি আর্থিক প্যাকেজ এবং ২০তম নিষেধাজ্ঞা প্যাকেজ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, সদস্য দেশগুলোর প্রধানমন্ত্রীরা ২১তম নিষেধাজ্ঞা প্যাকেজ দ্রুত কার্যকর করার জন্য জোরালো তাগিদ দিচ্ছেন। এর পাশাপাশি আগের যেসব সীমাবদ্ধতার কারণে সিদ্ধান্ত নিতে দেরি হতো, সেগুলো নতুন করে পর্যালোচনা করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।

ক্লাস জোর দিয়ে বলেন, একের পর এক নিষেধাজ্ঞার এই প্রক্রিয়া মস্কোর কাছে একটি স্পষ্ট বার্তা পৌঁছে দিচ্ছে। তিনি বলেন, এটি রাশিয়াকে এই সঙ্কেত দেয় যে তারা আমাদের চেয়ে শক্তিশালী হয়ে উঠতে পারবে না। এটি আরো পরিষ্কার করে দেয় যে ইউক্রেন আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আমরা তাদের সমর্থন দিয়ে যাবো। মধ্যপ্রাচ্য প্রসঙ্গে ক্লাস সতর্ক করে বলেন, সেখানে চলমান সঙ্ঘাতের প্রভাব সুদূরপ্রসারী এবং এর সমাধানে আরো ব্যাপক কূটনৈতিক পদক্ষেপ প্রয়োজন। তিনি জানান, বর্তমানে আলোচনাগুলো মূলত ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর গুরুত্ব দিচ্ছে, তবে অন্যান্য গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়ও এখানে অন্তর্ভুক্ত করা উচিত।

ক্লাস বলেন, আমরা চিন্তিত যে বর্তমান আলোচনাগুলোতে শুধু পারমাণবিক বিষয়টি আসছে। তবে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং প্রক্সি গোষ্ঠীগুলোকে তাদের সমর্থনের বিষয়টিও খতিয়ে দেখা দরকার। তিনি আরো উল্লেখ করেন, হরমুজ প্রণালীর মতো কৌশলগত নৌপথগুলোতে নৌচলাচলের স্বাধীনতা ইউরোপীয় ইউনিয়নের কাছে একটি আপসহীন নীতি। অত্র অঞ্চলে বিদ্যমান ইইউ সামুদ্রিক মিশনগুলোর সক্ষমতা ও সম্পদ বাড়িয়ে আস্পাইডস ও আটলান্টার মতো অভিযানগুলো আরো শক্তিশালী করার সম্ভাবনার কথাও তিনি তুলে ধরেন।

ইইউর ২০তম নিষেধাজ্ঞার কড়া সমালোচনা রাশিয়ার

ইউরোপীয় ইউনিয়নের ২০তম নিষেধাজ্ঞা প্যাকেজের তীব্র সমালোচনা করেছে রাশিয়া। এ ধরনের পদক্ষেপকে অবৈধ আখ্যা দিয়ে মস্কো সতর্ক করেছে যে জোটের এই কার্যক্রমের বিরুদ্ধে অবশ্যই যথাযথ ও সময়োপযোগী জবাব দেয়া হবে।