দুর্গম এলাকায় ‘চাঁদের গাড়ি’ হস্তান্তর সেনাবাহিনীর

Printed Edition

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তজিংডং পাহাড়সংলগ্ন বম সম্প্রদায় অধ্যুষিত এলাকার মানুষের যোগাযোগ ও আর্থসামাজিক উন্নয়নে দু’টি ‘চাঁদের গাড়ি’ প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গত সোমবার বাকলাইপাড়া-সংলগ্ন কাইতনপাড়া স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে গাড়ি দু’টি স্থানীয় বাসিন্দাদের কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল ইসলাম। এ সময় ১৬ ইপিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আতিকুল করিম, বলিপাড়া বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইয়াসিন আরাফাত হোসেন, থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল ফয়সালসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বম সোশ্যাল কাউন্সিলের সভাপতি লাল জার লম বম বলেন, থানচি ও রুমা উপজেলার অন্তত ১২টি পাড়া সরাসরি এ সুবিধা পাবে এবং সার্বিকভাবে ১৭টি পাড়ার মানুষ এর সুফল ভোগ করবেন।

সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, এর আগে এলাকায় কটেজ নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-সংক্রান্ত সহিংসতায় ক্ষতিগ্রস্ত ও পুনর্বাসিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল ইসলাম বলেন, পার্বত্যাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও জীবিকার উন্নয়নে সেনাবাহিনী ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।