পাকুন্দিয়া পৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষণা

Printed Edition

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫২ কোটি ১১ লাখ ১৫ হাজার ৬৭৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধা সম্প্রসারণ এবং পরিচ্ছন্ন ও স্মার্ট পৌরসভা গঠনে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। গত মঙ্গলবার দুপুরে পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, রাজস্ব তহবিল থেকে আয় ধরা হয়েছে ৫ কোটি ২৪ লাখ ৬৫ হাজার ৮৫১ টাকা এবং ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪ কোটি ৮৯ লাখ ৯৫ হাজার ২৩ টাকা। পৌর প্রশাসক রিফাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নূর-এ-আলম খান, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শফিউল্লাহ খন্দকার, পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল মান্নান খান, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা তাসলিমা আক্তার লিপি এবং ভারপ্রাপ্ত হিসাবরক্ষক মোহাম্মদ এনামুল হক।