চৌগাছায় ভারত সীমান্তে বাঁওড়ে কিশোরের লাশ উদ্ধার

Printed Edition

চৌগাছা (যশোর) সংবাদদাতা

যশোরের চৌগাছা উপজেলার ভারত সীমান্তবর্তী গদাধরপুর বাঁওড়ের পানিতে ভাসমান অবস্থায় এক বাংলাদেশী কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি। গতকাল শুক্রবার সকালে স্বরূপদাহ ইউনিয়নের গদাধরপুর বাঁওড় থেকে জিদনী ইসলাম (১৫) নামে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়। জিদনী যশোর সদর উপজেলার রামনগর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জিদনীর বাবা মারা যাওয়ার পর তার মা শিল্পী বেগম ছেলেকে নিয়ে ভারতে বসবাস করছিল। গত ১২ ডিসেম্বর সকালে জিদনী ভারতের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। এরপর থেকে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ১৫ ডিসেম্বর জিদনীর মা ছেলেকে খুঁজতে বাংলাদেশে আসেন এবং আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ করেন।

স্থানীয় কৃষক আবুল কালাম জানান, সকালে তিনি বাঁওড়ের পাড় দিয়ে মাঠে কাজে যাওয়ার সময় পানিতে একটি লাশ ভাসতে দেখেন। এরপর তিনি ডাকচিৎকার করলে স্থানীয় লোকজন জড়ো হয় এবং বিষয়টি মাসিলা বিজিবি ক্যাম্পে জানায়।

মাসিলা বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফরিদ হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং চৌগাছা থানা পুলিশকে অবহিত করেন। পরে বিজিবি ও পুলিশ যৌথভাবে লাশ উদ্ধার করে।