চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শাহ্ মনজিল সীরাত ময়দানে অনুষ্ঠিত হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী সা:-এর ১১তম দিবসের কর্মসূচি। যুগশ্রেষ্ঠ আলেম হজরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী প্রবর্তিত এ মাহফিলে বক্তারা রাসূলুল্লাহ সা:-এর মুজিযা, জুমার নামাজের ফজিলত, পারিবারিক দায়িত্ব, কুরআনের অলৌকিকত্ব এবং বিশ্বনবী হিসেবে তার সার্বজনীন আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি ড. মাওলানা হেলাল উদ্দিন মোহাম্মদ নোমানের সভাপতিত্বে এবং মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায়, ড. মাওলানা আবদুল কাদের নিজামী বলেন, রাসূলুল্লাহ সা:-এর মুজিযা তার নবুওয়াতের সত্যতার গুরুত্বপূর্ণ নিদর্শন।
কুরআন-হাদিসের আলোকে এসব বিষয়ে জ্ঞানচর্চার মাধ্যমে ঈমান ও রাসূলপ্রেম সুদৃঢ় করার আহ্বান জানান তিনি। আলহাজ মাওলানা নেজাম উদ্দিন জুমার দিনের ফজিলত ও জুমার নামাজের বিধান তুলে ধরে এর পূর্বাপর সুন্নাত ও নফল নামাজ যথাযথভাবে আদায়ের গুরুত্ব ব্যাখ্যা করেন। আলহাজ মাওলানা আজিজুল ইসলাম কিয়ামতের দিন আরশের ছায়াপ্রাপ্ত ব্যক্তিদের গুণাবলি তুলে ধরে তাকওয়া, ন্যায়পরায়ণতা, ইবাদত ও মানবিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। আলহাজ মাওলানা আ. ন. ম নোমান বাবা-মা ও সন্তানদের পারস্পরিক অধিকার ও দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, পরিবারে ইসলামী মূল্যবোধ ও দায়িত্ববোধ প্রতিষ্ঠার মাধ্যমেই একটি সুস্থ সমাজ গড়ে ওঠে। আলহাজ মাওলানা মুহিউদ্দিন মাহবুব কুরআনের অলৌকিকত্বের বিভিন্ন দিক তুলে ধরে এর শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। আলহাজ ড. মাওলানা সাইফুল আজম বাবর আজহারী রাসূলুল্লাহ সা:-কে বিশ্বনবী ও মানবতার সার্বজনীন আদর্শ হিসেবে উল্লেখ করে তাঁর ন্যায়, সাম্য, মানবিকতা ও কল্যাণের শিক্ষা অনুসরণের আহ্বান জানান।



