সার্ককে পুনরায় কার্যকর করার আহ্বান

বাংলাদেশ-নেপাল সংসদীয় কূটনীতির উন্নতিতে জোর

Printed Edition

সংসদ প্রতিবেদক

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্য অর্জনে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) পুনরায় কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। একই সাথে তারা বাংলাদেশ ও নেপালের মধ্যে সংসদীয় কূটনীতি এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরো সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।

গতকাল বুধবার জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তারা এসব বিষয়ে মতবিনিময় করেন।

বৈঠকে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর কাক্সিক্ষত উন্নয়নের যে লক্ষ্য নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্ক প্রতিষ্ঠা করেছিলেন, সংস্থাটিকে পুনরায় কার্যকর করে সেই লক্ষ্য অর্জনের সুযোগ এখনো রয়েছে। এ ক্ষেত্রে তিনি নেপালকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। নেপালের রাষ্ট্রদূত এ বিষয়ে একমত পোষণ করেন।

নেপালের ফেডারেল পার্লামেন্টে বাংলাদেশ-নেপাল পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠন করায় নেপাল সংসদের স্পিকার দোল প্রসাদ আর্যালকে ধন্যবাদ জানান ভারপ্রাপ্ত স্পিকার। তিনি বলেন, বাংলাদেশ জাতীয় সংসদেও শিগগিরই বাংলাদেশ-নেপাল পার্লামেন্টারি মৈত্রী গ্রুপ গঠন করা হবে। এর মাধ্যমে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিয়মিত মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হবে।

তিনি আরো বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপ কার্যকর হলে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় হবে। পাশাপাশি সংসদীয় কূটনীতি জোরদার, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, পারস্পরিক সংসদীয় সফর, আইন প্রণয়ন ও সুশাসনের অভিজ্ঞতা বিনিময় এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে অভিন্ন স্বার্থে সহযোগিতার ক্ষেত্র আরো বিস্তৃত হবে।

নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানির প্রসঙ্গ তুলে ধরে ভারপ্রাপ্ত স্পিকার বলেন, শিক্ষা, সংস্কৃতি, যুব বিনিময়, জনগণের পারস্পরিক যোগাযোগ, পানি, জ্বালানি, আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে, যা উভয় দেশ কাজে লাগাতে পারে।

এ সময় নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন অভিযাত্রার প্রশংসা করেন। তিনি বর্তমান গণতান্ত্রিক সরকারের সাথে আরো নিবিড়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতিক কার্কি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।