বিএমইউতে বিএসসি নার্সিং স্টুডেন্টদের ক্যাপিং সেরিমনি অনুষ্ঠিত

Printed Edition

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ‘এ’ ব্লক অডিটোরিয়ামে বিএসসি ইন নার্সিংয়ের ১৫তম ব্যাচের ক্যাপিং সেরিমনি ও এমএসসি ইন নার্সিংয়ের চতুর্থ ব্যাচের নবীনবরণ উদযাপিত হয়েছে। অনুষ্ঠানের উল্লেখযোগ্য অংশ ছিল জাতীয় সঙ্গীত পরিবেশন, শপথ অনুষ্ঠান, থিম সং পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী বলেন, সমগ্র বিশ্বে নার্সিং পেশা অত্যন্ত সম্মানজনক পেশা। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইন নার্সিংয়ের ১৫তম ব্যাচের ছাত্র-ছাত্রীরা আজ যে শপথ নিলেন, থিম সং পরিবেশন করলেন তা যেনো তারা অন্তর দিয়ে ধারণ করে বিশ্বাসে পরিণত এবং আত্মীকরণ করেন। নার্সরা রোগীদের আশ্রয়ের স্থল। রোগীদের সাথে হাসিমুখে কথা বলে রোগীর সুখ-দুঃখের অনুভূতি ভাগাভাগি করে রোগীদের সেবা প্রদানই কাম্য। নার্সরা হলো হাসপাতালের প্রাণ, রোগীদের আন্তরিকতার সাথে সেবা দানের মাধ্যমে এই প্রাণস্পন্দনকে প্রতিটা মুহূর্তে অটুট রাখতে হবে। রোগীদের সেবার কাজে যেনো কোনোপ্রকার স্থবিরতা না আসে। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নার্সরা দেশের রোল মডেল হবে, অনুসরণীয় হবে সেটা যেমন প্রত্যাশিত একইভাবে বাংলাদেশ এর নার্সরা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়বে সেটাও কাম্য।

নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা: মো: মনির হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএমইউ এর প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: মোস্তফা কালাম, প্রক্টর অধ্যাপক ডা: শেখ ফরহাদ প্রমুখ। অনুষ্ঠানে গ্রাজুয়েট নার্সিং বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক হারুন অর রশীদ গাজী, সহযোগী অধ্যাপক দেলোয়ারা বেগম, সহকারী অধ্যাপক হাছিনা আক্তার, সহকারী অধ্যাপক মোছা নাছরিন, সহকারী অধ্যাপক অধ্যাপক নুপুর ডি কস্তা, সহকারী অধ্যাপক বিথীকা মালী, প্রভাষক নাঈমা ছিদ্দিকা, প্রভাষক টুম্পা ঘরামী, প্রভাষক জুবায়দা খাতুন, প্রভাষক বুশরা ই জান্নাত, প্রভাষক দীপিকা মজুমদার, প্রভাষক সুজন মিয়া, সেবা তত্ত্বাবধায়ক রাশিদা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।