দুনিয়া নিউজ
পাকিস্তান ও সোমালিয়ার মধ্যে ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতা এবার প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। সামরিক প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময়, সক্ষমতা উন্নয়ন এবং বিস্তৃত নিরাপত্তা সহযোগিতার জন্য দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এতে বাব-আল মান্দেব প্রণালীকে কেন্দ্র করে সৃষ্ট সঙ্ঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হর্ন অব আফ্রিকার দেশ সোমালিয়া।
ভৌগোলিকভাবে এই সহযোগিতার গুরুত্ব দ্বিপক্ষীয় সম্পর্কের বাইরেও বিস্তৃত অবদান রাখবে বলে ধারণা করা হচ্ছে। সোমালিয়া মূলত গালফ অব এডেনের প্রবেশপথ, ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ এবং বাব আল-মান্দেব প্রণালীর কাছে অবস্থিত। এই জলপথ এশিয়ার বাণিজ্যকে লোহিত সাগর ও সুয়েজ খালের সাথে যুক্ত করে।
ইসলামাবাদে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ এবং সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মুআল্লিম ফিকি এ চুক্তিতে সই করেন। ফিকি সরকারি সফরে পাকিস্তানে গিয়ে চুক্তিটি স্বাক্ষর করেন। এর মাধ্যমে দুই দেশের দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ককে একটি আনুষ্ঠানিক প্রতিরক্ষা কাঠামোর আওতায় আনা হলো।
চুক্তিতে সন্ত্রাসবিরোধী অভিযান, সামরিক প্রশিক্ষণ, বিশেষজ্ঞ বিনিময় এবং সামরিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়া হয়েছে। সোমালিয়ার ক্ষেত্রে জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের বিরুদ্ধে চলমান অভিযানের প্রয়োজনীয়তা দেশটির প্রতিরক্ষা অংশীদারত্ব ও বিদেশী প্রশিক্ষণ কার্যক্রমের অন্যতম প্রধান বিষয় হয়ে রয়েছে।



