প্যারিসে পিনাকী ভট্টাচার্য

৫ আগস্টের আগের অবস্থায় আর ফিরবে না বাংলাদেশ

Printed Edition

প্যারিস (ফ্রান্স) প্রতিনিধি

ফ্রান্সপ্রবাসী লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশ আর চব্বিশের ৫ আগস্টের আগের অবস্থায় ফিরবে না। প্রবাসী বাংলাদেশীরা দেশের গণতান্ত্রিক অধিকার ও জনগণের রায়ের পক্ষে সবসময় সোচ্চার থাকবে।

শুক্রবার (১ মে) প্যারিসের ঐতিহাসিক বাস্তিল চত্বরে প্যারিসে অনুষ্ঠিত এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। জুলাই সনদ ও গণভোটের রায় উপেক্ষার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

সংগঠনের ফ্রান্স শাখার আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মনোয়ার পাটোয়ারীর সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত সদস্য সচিব কাউসার আহমেদ।

পিনাকী ভট্টাচার্য বলেন, ইতিহাসে জুডাস মাত্র ৩০ রৌপ্য মুদ্রার বিনিময়ে ঈসা নবীর সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে রোমানদের হাতে তুলে দিয়েছিল। আমরা জানতে চাই, কোন মুদ্রার বিনিময়ে বাংলাদেশকে আবার সেই পুরনো ব্যবস্থার অধীনে ঠেলে দেয়া হলো।

মানববন্ধনে আরো বক্তব্য দেন কমিউনিটি ব্যক্তিত্ব ও সিনিয়র সাংবাদিক আবু মান্নান আজাদ, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (এফবিজেএ) সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন, মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ, বাংলাদেশী নাগরিক পরিষদের সিনিয়র সদস্য শহিদুল ইসলাম, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্সের নির্বাহী সদস্য মো: সাকিব হোসেন, মাজহারুল হক তালুকদার, অ্যাক্টিভিস্ট ও মানবাধিকার সংগঠন এফডিএইচআরের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ, কমিউনিটি নেতা মোহাম্মদ সাইফুল আলম, এক্সিকিউটিভ ও বাংলাদেশী নাগরিক পরিষদের সদসথ্য ওয়াদুদ তানভীর, এনসিপি ফ্রান্সের সিনিয়র সদস্য আনোয়ারুল ইসলাম, তাওহিদা বেগম, অ্যাক্টিভিস্ট আজিমুল হক খান, এফবিজেএ সদস্য সাংবাদিক সরদার হাসান ইলিয়াছ, আরাফাত রহমান, আকাশ গবেষক ইকরামুল কবির সালমান ও জাফরুল হাসান প্রমুখ।

মানববন্ধনে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির সদস্য, সাংবাদিক, সুশীলসমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, নারী ও শিশুরা অংশ নেন।