বিএনপির সংরক্ষিত নারী আসনে তারকাদের সবাই বাদ পড়লেন

Printed Edition

সাংস্কৃতিক প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে শোবিজ তারকাদের কাউকেই মনোনয়ন দেয়নি বিএনপি। একঝাঁক তারকা মনোনয়ন ফরম জমা দিলেও গতকাল প্রকাশিত দলের চূড়ান্ত তালিকায় কারো নাম আসেনি। অভ্যন্তরীণ মূল্যায়ন এবং রাজপথের আন্দোলনে রাজনৈতিক সক্রিয়তাকে ভিত্তি করেই এই সিদ্ধান্ত নিয়েছে দলটি।

এর আগে ১০ এপ্রিল থেকে শুরু হওয়া তিন দিনের কার্যক্রমে প্রায় এক হাজার ৩০০ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তারকাদের মধ্যে ছিলেন- সঙ্গীতশিল্পী কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, দিলরুবা খান, দিঠি আনোয়ার এবং নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী। এ ছাড়া মনোনয়ন চেয়েছিলেন অভিনেত্রী রিনা খান ও রুকাইয়া জাহান চমক।

এমনকি জুলাই আন্দোলনের আলোচিত মুখ ফারজানা সিঁথিও নড়াইল-২ আসন থেকে প্রার্থী হতে ফরম তুলেছিলেন। তবে চুড়ান্ত ৩৬ জনের তালিকায় এদের কাউকেই রাখা হয়নি।

দলীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার ও শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ৫৪৫ জন প্রার্থীর সাক্ষাৎকার নেয় মনোনয়ন বোর্ড। বোর্ডে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সাক্ষাৎকারে প্রার্থীদের কাছে বিগত দিনের আন্দোলন-সংগ্রামে তাদের অবদান সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হয়। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, স্থায়ী কমিটির সদস্যদের দুই দিনব্যাপী বিস্তৃত সাক্ষাৎকার এবং যাচাই-বাছাই শেষে যোগ্যদেরই মনোনীত করা হয়েছে। মনোনয়ন না পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন সঙ্গীতশিল্পী কনকচাঁপা। তিনি লেখেন, ‘সবই আল্লাহর ফয়সালা। গ্রামের মানুষের চাহিদার কারণে এবারো সংরক্ষিত আসনে এই প্রসেসে গিয়েছিলাম। সেখানেও নাম নেই, আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই এর মধ্যে আল্লাহ মঙ্গল রেখেছেন।’ জীবন এখানেই শেষ নয় উল্লেখ করে তিনি দেশের কল্যাণে গান ও অন্যান্য মাধ্যমে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ দিকে জুলাই আন্দোলনের পরিচিত মুখ রুকাইয়া জাহান চমক মনোনয়ন না পেলেও কুষ্টিয়া থেকে মনোনীত ফরিদা ইয়াসমিনকে অভিনন্দন জানিয়েছেন। চমক বলেন, ‘রাজনীতিতে আমি নতুন। দল থেকে যে সমর্থন পেয়েছি তার জন্য কৃতজ্ঞ। আমার লক্ষ্য কুষ্টিয়ার মানুষের জন্য কাজ করা এবং বাঙালি সংস্কৃতিকে তুলে ধরা।’

জুলাই আন্দোলনের আরেক আলোচিত মুখ ফারজানা সিঁথি নড়াইল থেকে মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন। তবে শেষ পর্যন্ত তালিকা থেকে বাদ পড়ায় রাজনীতিতে তার আনুষ্ঠানিক প্রবেশের চেষ্টা প্রথম ধাপেই ধাক্কা খেল। সংশ্লিষ্টরা বলছেন, বিএনপি এবার তারকা ইমেজের চেয়ে রাজপথের ত্যাগী নেত্রীদেরই সংরক্ষিত আসনে অগ্রাধিকার দিয়েছে।