ব্রাজিল দলে নেই নেইমার

Printed Edition

ক্রীড়া ডেস্ক

আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ঘোষিত ব্রাজিল জাতীয় ফুটবল দলে জায়গা পাননি তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোতে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল, যা বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে শেষ প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।

দল ঘোষণার পর নেইমার হতাশা প্রকাশ করে জানান, নির্বাচিত না হওয়ায় তিনি ‘দুঃখিত ও হতাশ’, তবে বিশ্বকাপ খেলার স্বপ্ন এখনো জীবিত। ২০২৩ সালের অক্টোবরে গুরুতর হাঁটুর চোটের পর থেকে জাতীয় দলে খেলেননি তিনি। সম্প্রতি ক্লাব ফুটবলে ফিরলেও এখনো পুরোপুরি ফিট নন বলে জানিয়েছেন কোচ কার্লো আনচেলেত্তি। আনচেলত্তি বলেন, ‘নেইমার এখনো শতভাগ ফিট নন, তাই তাকে দলে রাখা হয়নি। তবে সে যদি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে, বিশ্বকাপে সুযোগ পেতে পারে।’

অন্য দিকে শীতকালীন দলবদলে লিওঁতে যোগ দিয়ে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ ফরোয়ার্ড এন্ড্রিক। এ ছাড়া ব্রেন্টফোর্ডের ইগর থিয়াগোও প্রথমবারের মতো দলে অন্তর্ভুক্ত হয়েছেন। আক্রমণভাগে নেতৃত্ব দেবেন রাফিনহা ও ভিনিসিয়াস জুনিয়র। দলে রয়েছেন জোয়াও পেদ্রো ও মাতেউস কুনিয়াও। তবে মিডফিল্ডার লুকাস পাকেতা বাদ পড়লেও অভিজ্ঞ কাসেমিরো দলে জায়গা ধরে রেখেছেন। আগামী ১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবেন কোচ আনচেলত্তি। ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিল বিশ্বকাপ অভিযান শুরু করবে।