ক্রীড়া প্রতিবেদক
এক প্রান্তে মুড়ি-মুড়কির মতো উইকেট পড়ছে। তাদের মাঝে ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন মেহেদী হাসান মিরাজ। করলেন সেঞ্চুরি। তার এই সেঞ্চুরিতে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে লড়াই করার মতো পুঁজি পায় বাংলাদেশ। দিনের খেলা শেষে তিনি জানালেন, কিভাবে এই পরিস্থিতি সামাল দিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।
প্রথম দিনের খেলা শেষে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় তারকা অলরাউন্ডার বলেন, ‘প্রথম দিকে চ্যালেঞ্জিং ছিল উইকেটটা। আমি শুধু মেরিট অনুযায়ী খেলার চেষ্টা করেছি।’
দলের বিপর্যয় সামলে সেঞ্চুরি করা নিয়ে মিরাজ বলেন, ‘বোলাররা খুব ভালো জায়গায় বোলিং করেছেন। আর আমার জন্য একটু কঠিন ছিল যেহেতু প্রথমবার এই কন্ডিশনে খেলছি। উইকেটের সাথে মানিয়ে নিতে ও জুটি গড়ার চেষ্টা করেছি। প্রথম দিকে রানের জন্য খেলিনি। চেষ্টা করেছি উইকেটের সাথে মানিয়ে নিতে। পরে যখন সুযোগ পেয়েছি, তখন রান হয়ে গেছে। এভাবেই চিন্তা করেছি।’
বিসিবির ভিডিওবার্তায় মিরাজ আরো বলেন, ‘যেহেতু আমাদের সামনে টেস্ট আছে, এটা আমার জন্য অনেক আত্মবিশ্বাস দেবে এবং যে মানসিকতা নিয়ে খেলেছি এবং সেটা যদি চালিয়ে যেতে পারি, তাহলে আমার জন্য ভালো হবে এবং দলের জন্য ভালো হবে।’



