৭৫ বছর পর নেই রিয়ালের কেউ

স্পেনের বিশ্বকাপ দল

Printed Edition

ক্রীড়া ডেস্ক

যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় আগামী জুন-জুলাইয়ে হবে বৈশ্বিক ফুটবলের আসর বিশ্বকাপ। মেগা আসরকে সামনে রেখে গতকাল ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে স্পেন। ১৯৫০ বিশ্বকাপের পর এই প্রথম রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার ছাড়া বিশ্বকাপ খেলতে যাবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। স্কোয়াড ঘোষণায় ৭৫ বছর পর এমনটাই করে দেখালেন স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে। যেখানে বার্সেলোনার ফুটবলারদের ছড়াছড়ি বর্তমান ইউরোপ চ্যাম্পিয়দের স্কোয়াডে। লা লিগা চ্যাম্পিয়ন দলেরই আটজন ফুটবলার রয়েছে স্প্যানিশ স্কোয়াডে।

আক্রমণভাগেই জায়গায় পেয়েছেন বার্সেলোনার তিনজন। আর প্রতিটি বিভাগেই আছে ক্লাবটির খেলোয়াড়। আক্রমণভাগে আছেন লামিনে ইয়ামাল, দানি ওলমো ও ফেরান টরেস। এ ছাড়া আছেন হুয়ান গার্সিয়া, পাউ কুবার্সি, এরিক গার্সিয়া, পেদ্রি ও গাভি। তবে রিয়ালের মূলত দুইজন খেলোয়াড়ের জাতীয় দলে ডাক না পাওয়াটা চমক জাগিয়েছে। তারা হলেন- ডিন হাউসেন ও দানি কার্ভাহাল।

স্প্যানিশ বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া দুই ফরোয়ার্ড লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামসের চোট সমস্যা আছে। তারপরও কোচের আস্থা এই দুই ফুটবলারের ওপর। আগামী ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে স্পেনের। ‘এইচ’ গ্রুপের ২০১০ বিশ্ব চ্যাম্পিয়নদের গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ সৌদি আরব ও উরুগুয়ে।

স্পেন স্কোয়াড : গোলরক্ষক- উনাই সিমন, ডেভিড রায়া ও হোয়ান গার্সিয়া; ডিফেন্ডার- মার্ক কুকুরেয়া, পাউ কুবারসি, এমেরিক লাপোর্ত, অ্যালেক্স গ্রিমালদো, পেদ্রো পোরো, এরিক গার্সিয়া, মার্কোস ইয়োরেন্তে ও মার্ক পুবিল; মিডফিল্ডার- গাভি, রদ্রি, পেদ্রি, মার্তিন জুবিমেন্দি, ফাবিয়ান রুইজ, অ্যালেক্স বায়েনা ও মিকেল মেরিনো; ফরোয়ার্ড- লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস, দানি ওলমো, ফেরান টরেস, মিকেল ওয়াইরসাবাল, ইয়েরেমি পিনো, বোর্হা ইগলেসিয়াস ও ভিক্টর মুনিয়োজ।