সন্ত্রাসে ছাড় নয়, কর্মকর্তাদেরও জবাবদিহি করতে হবে : বিমানমন্ত্রী

Printed Edition
মানিকগঞ্জ জেলা সমন্বয় কমিটির সভায় চেক বিতরণ করেন আফরোজা রিতা : নয়া দিগন্ত
মানিকগঞ্জ জেলা সমন্বয় কমিটির সভায় চেক বিতরণ করেন আফরোজা রিতা : নয়া দিগন্ত

মানিকগঞ্জ প্রতিনিধি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো আপস করা হবে না। জনগণ যাতে হয়রানি, জুলুম ও লাঞ্ছনার শিকার না হয়, তা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। ঢিলেঢালাভাবে কাজের সুযোগ নেই, সবাইকে জবাবদিহির আওতায় থাকতে হবে।

গত রোববার সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬, জেলা সমন্বয় কমিটি এবং জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি জনগণের সেবা করার জন্য। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস এবং রাস্তার কাজ নিয়ে ঠিকাদারদের টালবাহানা মেনে নেয়া হবে না। সরকারি কর্মকর্তাদের কাজের অগ্রগতি তিনি পর্যবেক্ষণ করবেন। রিকশা-অটোচালকরা যেন অযথা পুলিশের হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। তবে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান।

সভায় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে পুলিশ সুপার সারওয়ার আলমসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রীর নেতৃত্বে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

পরে মন্ত্রী প্রবীণ লোকশিল্পী ও লেখক-গায়ক সাইদুর রহমান বয়াতীসহ সাংস্কৃতিক ব্যক্তিদের মধ্যে সরকারি অনুদানের চেক বিতরণ করেন। বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি।