আলজাজিরা
মধ্যপ্রাচ্যের চলমান সঙ্ঘাত বাড়িয়ে যুক্তরাষ্ট্র ও পুরো ন্যাটো জোটকে সরাসরি যুদ্ধে জড়ানোই ইসরাইলের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আপতি আলাউদিনভ। যুদ্ধ আরো তীব্র রূপ নিলে একপর্যায়ে রাষ্ট্র হিসেবে ইসরাইলের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস-কে দেয়া এক সাক্ষাৎকারে রুশ সশস্ত্রবাহিনীর প্রধান সামরিক-রাজনৈতিক অধিদফতরের উপপ্রধান এবং আখমাত বিশেষ বাহিনীর প্রধান আলাউদিনভ এসব কথা বলেন। তার দাবি, মধ্যপ্রাচ্যে উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়ে পশ্চিমা মিত্রদের সরাসরি যুদ্ধে টেনে আনাই ইসরাইলের মূল উদ্দেশ্য। তিনি জোর দিয়ে বলেন, পশ্চিমা শক্তির ওপর অতিরিক্ত ভরসা করা ইসরাইলের জন্য একটি বড় ভুল সিদ্ধান্ত হতে পারে।



