রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা হেম্মাদিয়া দাখিল মাদরাসা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী নলকা ইউনিয়ন শাখার উদ্যোগে অনুষ্ঠিত জনসমাবেশে বক্তব্য দিয়েছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর শায়খ ড. মাওলানা আব্দুস সামাদ।
গত শুক্রবার বিকেলে আয়োজিত এ সমাবেশে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী পাশে না থাকলে আপনাদের দু’বার ক্ষমতায় যাওয়া সম্ভব হতো না।’ তিনি দাবি করেন, ২০১৪ সালে বেগম জিয়ার বাড়ির সামনে স্থাপিত বালুর ট্রাক সরাতে ইসলামী ছাত্রশিবির উদ্যোগ নিলে প্রতিশ্রুত সহযোগিতা পাওয়া যায়নি, বরং এতে দুই শিবিরকর্মী নিহত হন। তিনি আরো বলেন, ক্ষমতায় এলে এলাকায় কর্মসংস্থান সৃষ্টি, কুটিরশিল্প সম্প্রসারণ এবং বেকার যুবকদের জন্য নতুন সুযোগ নিশ্চিত করা হবে।
সমাবেশে সিরাজগঞ্জ-২ আসনের মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত সর্বপ্রথম প্রার্থীর তালিকা প্রকাশ করেছে এবং দলের ৩০০ প্রার্থীই উচ্চ ডিগ্রিধারী।
নলকা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরো বক্তব্য দেন জেলা ও উপজেলাপর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিরা এবং সংগঠনের অন্যান্য নেতা।


