বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের ব্যবস্থাপনায় পবিত্র মিলাদুন্নবী সা: উপলক্ষে পাঁচদিনব্যাপী অনুষ্ঠানমালা আজ শনিবার শুরু হবে। উদ্বোধন করবেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী মা. জি. আ। চট্টগ্রাম মহানগরীর ধনিয়ালাপাড়াস্থ কেন্দ্রীয় বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে শনিবার সকাল ৯.৩০ টা থেকে বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসার ৪৪তম বার্ষিক সভা, ২৩ আগস্ট রোববার বাদ মাগরিব শিশু-কিশোরদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পাখপাখালির আসর, ২৪ আগস্ট সোমবার বাদ মাগরিব হামদ-নাত পরিবেশনায় শানে মোস্তফা সা: মাহফিল, ২৫ আগস্ট মঙ্গলবার বাদ মাগরিব গুণীজন সংবর্ধনা ও বায়তুশ শরফ স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান এবং ২৬ আগস্ট বুধবার বাদ মাগরিব আজিমুশশান ওয়াজ ও মিলাদ মাহফিল। ২৫ আগস্ট বাদ মাগরিব জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের চারজন ব্যক্তিত্বকে গুণীজন সংবর্ধনা ও বায়তুশ শরফ স্বর্ণপদক-২০২৬ প্রদান করার জন্য যাদেরকে নির্বাচন করা হয়েছে, তারা হলেন: অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মাননীয় উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়র ডা: শাহাদাত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমদ খান ও দৈনিক নয়া দিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর। উপরোক্ত কর্মসূচি ছাড়াও ২৩ আগস্ট থেকে প্রতিদিন সকাল ৯টায় কিরাত, হামদ, নাত, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টে তামাদ্দুনিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
৫ দিনব্যাপী কর্মসূচি সফল করার লক্ষ্যে পবিত্র মিলাদুন্নবী সা: মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ বায়তুশ শরফের ভক্ত-মুরিদানসহ ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন। বিজ্ঞপ্তি।



