বিশেষ সংবাদদাতা
দেশের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ১.৩৭ কোটি ডলার বিনিয়োগের লক্ষ্যে বার্জার পেইন্টসের অঙ্গপ্রতিষ্ঠান জেন্সন অ্যান্ড নিকলসন প্যাকেজিং লিমিটেড বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সাথে চুক্তি সই করেছে। দেশের শিল্পায়ন ও বিনিয়োগ সম্প্রসারণের ধারাবাহিকতায় সোমবার ঢাকায় বেজার সম্মেলন কক্ষে এই চুক্তি সই হয়।
জেন্সন অ্যান্ড নিকলসন প্যাকেজিংয়ের পক্ষে পরিচালক রুপালী হক চৌধুরী এবং বেজার পক্ষে সালেহ আহমদ চুক্তিতে সই করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে বেজা জানিয়েছে, জেন্সন অ্যান্ড নিকলসন প্যাকেজিং জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬.৩৪ একর জমিতে প্রায় ১৩.৭০ মিলিয়ন বা ১.৩৭ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে। এতে প্রায় ছয়শ’ কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রতিষ্ঠানটি উচ্চমানসম্পন্ন শক্ত প্লাস্টিকের বালতি, শিল্পখাতে ব্যবহৃত রং, খাদ্য-উপযোগী প্যাকেজিং, ধাতব প্যাকেজিং এবং বার্জার পেইন্টসের ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশনের জন্য প্রয়োজনীয় পণ্য প্রস্তুত করবে। প্রতিষ্ঠানটি ইতঃপূর্বে বার্জার পেইন্টস জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৪০ একর জমি বরাদ্দ পেয়েছিল। যেখানে আগামী দুই মাসের মধ্যে উৎপাদন কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
চুক্তি স্বাক্ষর সভায় বেজার নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সালেহ আহমদ উল্লিখিত প্রতিষ্ঠানকে অভিনন্দন জানিয়ে বলেন, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে দেশীয় শিল্পগোষ্ঠীর এই নতুন বিনিয়োগ আমাদের প্রতি বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন। দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে দেশী-বিদেশী বিনিয়োগকারীদের আগ্রহ ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত ও বিনিয়োগবান্ধব সেবা নিশ্চিত করতে বেজা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে, যাতে বিনিয়োগকারীরা স্বল্প সময়ে শিল্প স্থাপন ও উৎপাদন কার্যক্রম শুরু করতে পারেন।
জেন্সন অ্যান্ড নিকলসন প্যাকেজিং লিমিটেডের পরিচালক ও বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক এবং ফরেন ইনভেস্টরস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ঋওঈঈও)-এর সভাপতি রুপালী হক চৌধুরী বলেন, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের মাধ্যমে তারা তাদের উৎপাদন সক্ষমতা বাড়িয়ে আধুনিক পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর শিল্পায়ন করবে। এতে কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের রঙ ও তার ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশনের জন্য উৎপাদন খাতকে আরো শক্তিশালী করতে দীর্ঘমেয়াদি অবদান রাখতে চান। তিনি বলেন, বেজার বিনিয়োগবান্ধব উদ্যোগ তাদের এই সিদ্ধান্তকে আরো সহজ করেছে। জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল ম্যানুফাকচারিং হাবের জন্য একটি আকর্ষণীয় স্থান। তবে তিনি সেখানে পরিষেবা সরবরাহ ও অন্যান্য নীতিগত সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে বেজাকে অনুরোধ জানান।



