ক্রীড়া প্রতিবেদক
২০২৫ সালের আগস্টে বাংলাদেশ সফর করার কথা ছিল ভারত ক্রিকেট দলের। পরে সেটি পিছিয়ে নেয়া হয় চলতি বছর সেপ্টেম্বরে। চলতি বছর জানুয়ারিতে বিসিবি জানিয়েছিল, বাংলাদেশ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলবে ভারত। ম্যাচগুলো হওয়ার কথা ছিল ঢাকা ও চট্টগ্রামে। কিন্তু আগামী মাসেও বাংলাদেশ সফর করছে না ভারত। আরো এক দফায় পিছিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর। আগামী বছর জানুয়ারিতে হতে পারে এই সফর। ভারতের বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সিরিজটি নিয়ে বিসিসিআই ও দেশটির সরকারের মধ্যে আলোচনা চলছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বিসিবিআইয়ের একটি সূত্র জানিয়েছে, দুই দেশের সরকারের মধ্যে আলোচনা চলমান থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৭ সালের শুরুর দিকে সিরিজ আয়োজনের জন্য নতুন সময় চাচ্ছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে সফরের সূচি নিশ্চিত করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কেও সাম্প্রতিক সময়ে টানাপড়েন দেখা গেছে। বিশেষ করে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়া এবং বাংলাদেশ দলের ২০২৬ টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের পর পরিস্থিতি আরো জটিল হয়।
তবে তামিম ইকবাল বিসিবি সভাপতি হওয়ার পর দুই বোর্ডের সম্পর্ক উন্নতির ইঙ্গিত মিলেছে। চলতি মাসেই ভারত সফরে গিয়ে বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শন করেছেন তামিম। এটিকে দুই বোর্ডের সম্পর্ক স্বাভাবিক হওয়ার ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
তবে জানুয়ারিতে সিরিজ আয়োজন করাও সহজ হবে না। ওই সময়ে ভারতের ব্যস্ত সূচি রয়েছে। জানুয়ারির শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের তিনটি ওয়ানডে রয়েছে। এরপর ২১ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ শুরু হওয়ার কথা। ফলে বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজনের জন্য সময় খুবই সীমিত। এ কারণে জানুয়ারিতেই সিরিজ আয়োজনের নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। সিরিজটি চূড়ান্ত করতে দুই দেশের সরকারের অনুমোদনসহ বিসিসিআইয়ের আনুষ্ঠানিক সিদ্ধান্ত প্রয়োজন।
উল্লেখ্য, ভারতের বিপক্ষে আগামী মাসের সূচিতে পরিবর্তন এলেও এর পর থেকে ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ ক্রিকেট দল। অস্ট্রেলিয়া সফর শেষ করার পর আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) এবং বিভিন্ন টুর্নামেন্ট মিলে আগামী ২০২৭ সালের শুরু পর্যন্ত ঠাসা সূচি রয়েছে টাইগারদের। আগামী সেপ্টেম্বর জাপানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। যেখানে অংশ নেবে বাংলাদেশ পুরুষ ওয়ারী ক্রিকেট দল।
অক্টোবরেই সাদা ও লাল বলের মাঠের লড়াইয়ে নামছেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাসরা। সংযুক্ত আরব আমিরাতের মাঠে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। এ সফরে থাকছে একটি টেস্ট ও তিনটি সীমিত ওভারের ম্যাচ। এরপর নভেম্বর-ডিসেম্বর মাসে বাংলাদেশ দল উড়াল দেবে দক্ষিণ আফ্রিকায়। সেখানে স্বাগতিকদের বিপক্ষে রয়েছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দু’টি টেস্ট। এ ছাড়াও রয়েছে তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচের একটি পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সিরিজ।



