হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের সীমান্তবর্তী হিলিতে মাদকের বিস্তার ঠেকাতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ। গত প্রায় সাত মাসে মাদকবিরোধী ৮৬টি মামলায় ৪৫২ জনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের এ তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।
হাকিমপুর থানা সূত্রে জানা গেছে, গত বছরের ৮ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৩ আগস্ট পর্যন্ত মাদকবিরোধী অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ২৪২ জন মাদকসেবী এবং ২১০ জন মাদক সংশ্লিষ্টতার অভিযোগে আটক হয়েছেন। পুলিশের দাবি, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
হাকিমপুর থানার ওসি জাকির হোসেন বলেন, সীমান্তবর্তী হওয়ায় হিলিতে মাদকের সহজলভ্যতা রয়েছে। মাদকের সাথে যারই সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাকে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি স্কুল-কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।
হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম নিয়ামত উল্লাহ বলেন, মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। তবে পুলিশের পাশাপাশি সামাজিক প্রতিরোধও জরুরি। সীমান্তবর্তী ভৌগোলিক অবস্থানের কারণে মাদক নিয়ন্ত্রণ পুলিশের জন্য বাড়তি চ্যালেঞ্জ। তাই খুচরা বিক্রেতা ও সেবনকারীদের পাশাপাশি সরবরাহ ব্যবস্থার মূল হোতাদের শনাক্তে গুরুত্ব দেয়া হচ্ছে।
স্থানীয় সচেতন মহল পুলিশের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদারের দাবি জানিয়েছে।


