কাবরেরা আমাকে আমার পজিশনে খেলাননি : জামাল

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

ব্যর্থ এক কোচ। এরপরও বাংলাদেশ দলে টানা চার বছর কাজ করে গেছেন হাভিয়ার কারবেরা। কিছু নতুন মুখকে জাতীয় দলে জায়গা দিয়েছেন। আবার স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন, সাজ্জাদ হোসেন, মাহাবুবুর রহমান সুফিলদের ক্যারিয়ারের ১২টা বাজিয়েছেন। তাদের মধ্যে জামাল ভূঁইয়া ছিলেন অন্য সমস্যায়। কাবরেরার সময় জামাল যেন ছিলেন প্রেস কনফারেন্স অধিনায়ক। অর্থাৎ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক হিসেবে উপস্থিত জামাল। অথচ ম্যাচের সময় সাইড বেঞ্চে। আবার প্রথম একাদশে নামালেও ৬০-৭০ মিনিট পর তুলে নেয়া হতো। কোনো কোনো ম্যাচেতো জামালকে নামানোই হতো না। এ নিয়ে দলের ভেতর এবং বাইরে প্রচণ্ড ক্ষোভ জন্মেছিল। বিশেষ করে দলের গুরুত্বপূর্ণ সময়ে যখন কর্নার-ফ্রি-কিকে গোল হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়, তখনই নামানো জরুরি ছিল জামালকে। কারণ তিনি সেট পিচ স্পেশালিস্ট। তার কর্নার ও ফ্রি-কিক থেকে জাতীয় দল অনেক গোল পেয়েছে। জামাল এত দিনে দাঁতে দাঁত চেপে সহ্য করেছেন। কাবরেরা- পর্ব শেষ হওয়ার পর যেন সব ক্ষোভ উগড়ে দিলেন।

কাল তিনি মিডিয়ার সাথে কথা বলার সময় বলেন, কারবেরা আমাকে পছন্দ করতেন না। এটা সবাই জানে। কয়েক দিন আগে ব্রাদার্স মাঠে তিনি বলেছিলেন, কাবরেবা আমাকে তখনই আমাকে আমার পছন্দের ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলাননি। আমাকে ওপরে খেলিয়েছেন। কাবরেরা আমার প্রিয় পজিশনে সোহেল রানাকে খেলাতেন।’ এখন বাংলাদেশ অধিনায়কের আশা নতুন কোচের নতুন শুরুতে আগের আবহ থাকবে না। জামালও তার সেরাটা দিতে চান টমাস ডুলির অধীনে।

এরপর সানমেরিনো ম্যাচ নিয়ে বলেন, আমরা ভিন্ন পরিবেশে ভিন্ন প্রেক্ষাপটে এবার ম্যাচ খেলতে যাচ্ছি। এত দিন যে দলগুলোর বিপক্ষে ম্যাচ খেলতাম তা থেকে সম্পূর্ণ ভিন্ন। এ ছাড়া ইউরোপে ম্যাচ। সে কারণে খেলতে বেশি উদগ্রীব।