তালতলী (বরগুনা) সংবাদদাতা
বরগুনার তালতলী উপজেলায় গেন্ডামারা খালের ওপর নির্মিত একটি আয়রন ব্রিজ ভেঙে পড়ায় কয়েক হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত শনিবার সকালে মোটরসাইকেল পারাপারের সময় ব্রিজটি ধসে খালে পড়ে যায়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।
স্থানীয়রা জানান, ২০০৭ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) ছোটবগী ও কড়ইবাড়িয়া ইউনিয়নের মানুষের যাতায়াতের সুবিধার্থে ব্রিজটি নির্মাণ করে। তবে দীর্ঘ প্রায় ১৯ বছরেও কোনো সংস্কার না হওয়ায় এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল।
ঘটনার দিন সকালে একটি মোটরসাইকেল ব্রিজ পার হওয়ার সময় হঠাৎ মাঝখান থেকে ভেঙে পড়ে। এতে মোটরসাইকেলের আরোহীরা খালে পড়ে আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
ব্রিজটি ভেঙে পড়ায় গেন্ডামারা ও সুন্দরীয় গ্রামের কয়েক হাজার মানুষ এখন সরাসরি যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। গেণ্ডামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এতিম মঞ্জিল বালিকা দাখিল মাদরাসাসহ আশপাশের অন্তত পাঁচ থেকে সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াত এখন অনিশ্চিত হয়ে পড়েছে।
স্থানীয় শিক্ষার্থী আল আমিন জানান, বিকল্প কোনো পথ না থাকায় বিদ্যালয়ে যাওয়া কঠিন হয়ে গেছে। এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ ও নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেয়া হবে, যাতে স্থানীয় মানুষের দুর্ভোগ কমানো সম্ভব হয়।


