নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ নেতার ছেলের মালিকানাধীন একটি গোডাউনসহ দু’টি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার রাতে গোদনাইল এলাকায় পরিচালিত এই অভিযানে মোট ১৩ হাজার ৯৮০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান। এ সময় বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে গোদনাইলের মেঘনা ডিপো-সংলগ্ন ঈদগাহের পাশের একটি স্পটে প্রথম অভিযান চালানো হয়। নাসিকের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম মণ্ডলের ছেলে জাহিদের মালিকানাধীন ওই তেলের গোডাউন থেকে ৯ হাজার ১০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়। এ সময় গোডাউন ম্যানেজার সিফাতকে আটক করে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ছয় হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।



