বিএমইটির অভিযানে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা জরিমানা, পাসপোর্ট জব্দ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ‘ত্রিপল এ ওভারসিজ’ (আরএল-২৬৩০) নামক রিক্রুটিং এজেন্সিতে বিশেষ অভিযান চালানো হয়েছে। এ সময় প্রতিষ্ঠানের অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ায় অফিসটি সীলগালা করা হয় এবং নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে বিদেশগামী সাধারণ কর্মীদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে জমা নেয়া তিন বক্স পাসপোর্ট জব্দ করে বিএমইটির জিম্মায় নেয়া হয়েছে।

এ প্রসঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশগামী মেহনতি কর্মী ও প্রবাসীদের স্বার্থরক্ষা আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। কোনো অবস্থাতেই কোনো অসাধু বা অবৈধ রিক্রুটিং এজেন্সিকে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে প্রতারণা করতে দেয়া হবে না। যারা নিয়ম অমান্য করবে এবং প্রবাসীদের জিম্মি করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জব্দকৃত পাসপোর্টগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেয়া এবং সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বৈদেশিক কর্মসংস্থান খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার রাখবে বলে জানানো হয়।