শিক্ষার্থীদের বিশ্বমানের যোগ্যতা অর্জনে কাজ করছে আকিজ ফাউন্ডেশন

Printed Edition

শুধু প্রাতিষ্ঠানিক সনদ বা ভালো ফলাফল অর্জনে সফলতা আসে না; বিশ্বমানের যোগ্যতা অর্জনে জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। গতকাল রোববার সকালে মানিকগঞ্জে আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও প্রথম ‘রোবো অ্যান্ড সায়েন্স কার্নিভাল’ অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। প্রতিষ্ঠানের ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জনকারী, প্রাথমিক ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং বিজ্ঞান মেলায় বিজয়ী শিক্ষার্থীদের আনুষ্ঠানিক সংবর্ধনা ও পুরস্কার দেয়া হয়। প্রতিষ্ঠানে আয়োজিত রোবটিক্স প্রতিযোগিতায় সফলদের হাতেও পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রথমবার অংশ নিয়ে এসব পরীক্ষায় শতভাগ সাফল্য পাওয়ায় অভিভাবক ও অতিথিরা সন্তোষ প্রকাশ করেন। আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের পরিচালক ডা: রেজওয়ানা আফরোজ স্বরণির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) খায়রুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সালাহ উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস সুলতানা ও এটিএমএলের নির্বাহী পরিচালক (অপারেশনস) গৌরাঙ্গ কুমার শম্ভু। প্রধান অতিথি বলেন, অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগাতে পারলেই কাক্সিক্ষত সাফল্য অর্জন সম্ভব। সভাপতি বলেন, কোডিং ও রোবটিক্স এখন বৈশ্বিক ভাষা। মফস্বল শহরের শিক্ষার্থীরাও যেন বিশ্বমানের শিক্ষা পায়, সে লক্ষ্যেই কাজ করছে আকিজ ফাউন্ডেশন। মানিকগঞ্জ প্রতিনিধি।