নয়া দিগন্ত ডেস্ক
বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের ব্যবস্থাপনায় পবিত্র মিলাদুন্নবী সা: উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর ধনিয়ালাপাড়া বায়তুশ শরফ কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত পাঁচ দিনের কর্মসূচির চতুর্থ দিনে ‘গুণীজন সংবর্ধনা ও বায়তুশ শরফ স্বর্ণপদক’ প্রদান অনুষ্ঠানে এবারো দেশের খ্যাতনামা চার গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেয়া হয়েছে। তারা হলেন- সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. নিয়াজ আহমদ খান ও দৈনিক নয়া দিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর।
ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, বায়তুশ শরফ বাংলাদেশে অনন্য একটি দরবার। খানকাভিত্তিক চিরায়ত দরবারি নিয়মের বাইরে সৃজনশীলতা বায়তুশ শরফের অনন্য কৃতী। বাংলাদেশে সুদবিহীন ব্যাংকিং ধারার প্রবর্তন, আইআইইউসি প্রতিষ্ঠা, গবেষণা প্রতিষ্ঠান স্থাপন, সেমিনার-সিম্পোজিয়ামের আয়োজন এই প্রতিষ্ঠানের ব্যতিক্রমী উদ্যোগ। এ দরবারের মরহুম পীর সাহেবরা ছিলেন বিদগ্ধ আলেম ও সমাজ সংস্কারক। আল্লামা আবদুল জব্বার (রহ.) ও মাওলানা কুতুব উদ্দিন (রহ.) জাতিকে পথ দেখিয়ে গেছেন কিভাবে দরবারকে গণমুখী শিক্ষা ও সেবাকেন্দ্রে রূপান্তর করা যায়।
ড. নিয়াজ আহমদ খান বলেন, ত্বরিকতের পাশাপাশি যুগোপযোগী শিক্ষাবিদ ও নেতৃত্ব তৈরিতে বায়তুশ শরফ এগিয়ে। যার সুফল আজ জাতি ভোগ করছে। গ্রামীণ উন্নয়ন ও টেকসই পরিকল্পনা নিয়ে বায়তুশ শরফের সমাজসেবামূলক কার্যকলাপ প্রশংসনীয়। উন্নয়নসূচকে দেশকে এগিয়ে নেয়ার জন্য দক্ষ ও কর্মমুখী মানবসম্পদ তৈরি করছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের ভূমিসন্তান হিসেবে আমি বায়তুশ শরফ নিয়ে গর্ববোধ করি।
নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর বলেন, গণমাধ্যম দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও পরিবর্তনের দর্পণ। বায়তুশ শরফ দরবার সম্পর্কে আমার ধারণার বাইরে আজ নতুন অভিজ্ঞতা হলো। মসজিদভিত্তিক আধ্যাত্মিকতা চর্চা, শিক্ষা-গবেষণা ও মানবসেবার পাশাপাশি প্রায় ৫০ বছর ধরে তিনটি মাসিক পত্রিকা, একটি অর্ধবার্ষিকী গবেষণা সাময়িকী ও তিন শতাধিক বিভিন্ন বিষয়ে ধর্মীয় বই প্রকাশনার কথা জেনে আমি অভিভূত হয়েছি।
ডা: শাহাদত হোসেন রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে থাকায় তার পক্ষে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশরাফুল আমিন উপস্থিত ছিলেন।
বায়তুশ শরফের রাহবার ও আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ ট্রাস্ট- বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান মুহাম্মদ আবদুল হাই নদভী বলেন, ইসলামের সুমহান আদর্শ বাস্তবায়ন ছাড়া সমাজে কখনো শৃঙ্খলা ও শান্তি প্রতিষ্ঠা হবে না। বিশ্বের ইতিহাসে রাসূল সা: এর মতো বহুগুণে গুণান্বিত একজন ব্যক্তিত্ব খুঁজে পাওয়া অসম্ভব।
অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ আমান উল্লাহ শুভেচ্ছা বক্তব্য পেশ করেন। ড. মাওলানা মুহাম্মদ ওয়ালী উল্লাহ মঈনের সঞ্চালনায় মাহফিলে আরো উপস্থিত ছিলেন আইবা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুহাম্মদ মাহফুজুর রহমান, আলহাজ মুসলিম উদ্দীন, হাফেজ মাওলানা ফোরকান আহমদ, মাওলানা আবু ওসমান, মুহাম্মদ নূরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হারুন শেঠ, অর্থ সম্পাদক আলহাজ নূরুল কবীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, ত্বরিকতবিষয়ক সম্পাদক মাওলানা মামুনুর রশীদ নূরী, আইবা ট্রাস্টের সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ আবদুল কাইয়ুম, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মাওলানা কাজী শিহাবুদ্দীন, দফতর সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীন, সহদফতর সম্পাদক মুহাম্মদ হারুন-অর-রশীদ, নির্বাহী সদস্য মুহাম্মদ জাহাঙ্গীর আলম শাকিল, আনজুমনে নওজোয়ানের সভাপতি হাফেজ মাওলানা শাহ আলম, সেক্রেটারি কে এম ইমরানুল ইসলাম প্রমুখ।



