জিয়ো টিভি
জাতিসঙ্ঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদের বৈঠকে প্রতিবেশী আফগানিস্তানের উদ্দেশে সম্ভাব্য যুদ্ধের সতর্কবার্তা দিয়েছেন জাতিসঙ্ঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতেখার আহমাদ। তিনি বলেছেন, আফগানিস্তান যদি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আশ্রয়-প্রশ্রয় দেয়া বন্ধ না করে, তাহলে সবধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেবে পাকিস্তান।
বর্তমানে পাকিস্তানের কয়টি নিষিদ্ধ গোষ্ঠীকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে আফগানিস্তান, তার তালিকাও দিয়েছেন তিনি। এই তালিকায় আছে, দায়েশ-কে (আইএস- খোরাসান), তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি), ইস্ট তুর্কমেনিস্তান ইসলামিক মুভমেন্ট, বালোচিস্তান লিবারেশন আর্মি এবং মাজিদ ব্রিগেড।
বৈঠকে এই তালিকা প্রদান করে আসিম ইফতেখার আহমাদ বলেন, ‘এই গোষ্ঠীগুলোর শত শত নেতাকর্মী বর্তমানে আফগানিস্তানে তালেবান সরকারের আশ্রয়ে আছে। তালেবান সরকারকে অবশ্যই এসব গোষ্ঠীর বিরুদ্ধে যথাযথ এবং যাচাইযোগ্য পদক্ষেপ নিতে হবে। যদি তারা এতে ব্যর্থ হয়, তাহলে নিজেদের নাগরিক, ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান প্রয়োজনীয় সবধরনের প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেবে।’



