রাজশাহী ব্যুরো
বরেন্দ্র অঞ্চলের কৃষি ও কৃষকের জীবন-জীবিকা টিকিয়ে রাখতে পানির সুষ্ঠু, পরিকল্পিত ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ মো: হাসান জাফির তুহিন। তিনি বলেন, বরেন্দ্র অঞ্চলের কৃষি পানির ওপর নির্ভরশীল। তাই পানির প্রতিটি ফোঁটার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। শুধু সেচের পরিমাণ বাড়ালেই হবে না, পানি ব্যবহারে দক্ষতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য পানির উৎস সংরক্ষণ করতে হবে।
রোববার দুপুরে রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পরামর্শের ফলাফল যাচাইবিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএমডিএ ও এডিবি যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। এতে সহযোগিতা করে সাসটেইনেবল অ্যাগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশ (এসএএফ) এবং গ্লোবাল অ্যালায়ান্স ফর ইমপ্রুভড নিউট্রিশন।
বিএমডিএ চেয়ারম্যান বলেন, বরেন্দ্র অঞ্চলে কৃষি উৎপাদন বাড়াতে সেচের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে কৃষির উন্নয়ন দীর্ঘমেয়াদে টেকসই করা সম্ভব নয়। কোথায় কী পরিমাণ পানি ব্যবহার হচ্ছে, পানির উৎস কী এবং ভবিষ্যতে পানির প্রাপ্যতা কেমন হবে- এসব বিষয় বিবেচনায় নিয়েই সেচ পরিকল্পনা করতে হবে।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু জমিতে পানি পৌঁছে দেয়া নয়; কম পানি ব্যবহার করে বেশি উৎপাদন নিশ্চিত করা। এজন্য আধুনিক সেচপ্রযুক্তি, পানিসাশ্রয়ী কৃষিপদ্ধতি এবং ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে। একই সাথে কৃষকের উৎপাদন খরচ কমানো ও আয় বাড়ানোর বিষয়টিও পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রাখতে হবে।’
বরেন্দ্র অঞ্চলের বাস্তবতা দেশের অন্যান্য এলাকার চেয়ে ভিন্ন উল্লেখ করে তিনি বলেন, এখানকার মাটি, জলবায়ু, পানির প্রাপ্যতা ও কৃষিব্যবস্থাকে বিবেচনায় নিয়ে প্রকল্প গ্রহণ করতে হবে। বিদেশী অভিজ্ঞতা ও বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণের পাশাপাশি স্থানীয় কৃষক এবং মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতাকেও গুরুত্ব দিতে হবে।
তিনি আরো বলেন, কোনো প্রকল্প কাগজে-কলমে সফল হলেই হবে না; এর সুফল সরাসরি কৃষকের মাঠে পৌঁছাতে হবে। কৃষক যেন কম খরচে পর্যাপ্ত পানি পান, উৎপাদন বাড়াতে পারেন এবং আয় বৃদ্ধি করতে পারেন- প্রকল্পের সাফল্য সেখানেই।
এডিবির পরামর্শ ও গবেষণালব্ধ তথ্য কাজে লাগিয়ে বরেন্দ্র প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা বাস্তবভিত্তিকভাবে সম্পন্ন করার আহ্বান জানিয়ে বিএমডিএ চেয়ারম্যান বলেন, পানি ও কৃষিকে ঘিরে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় এখন থেকেই দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে।
এতে সভাপতিত্ব করেন বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো: আবুল কাসেম। স্বাগত বক্তব্য দেন বিএমডিএর নির্বাহী প্রকৌশলী ও বরেন্দ্র প্রকল্পের ফোকাল পয়েন্ট মো: হারুন-অর-রশিদ। এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।



